ট্রাম্পের ইরান বিরোধী বক্তব্যের জবাব দিলেন পররাষ্ট্রমন্ত্রী জারিফ
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এক টুইটার বার্তায় তার দেশের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জবাব দিয়েছেন।
তিনি লিখেছেন, সম্প্রতি যে ইরানে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলো সেই ইরানকে আক্রমণ করে কথা বললেন ‘গণতন্ত্র ও মধ্যপন্থার’ দেশ বলে দাবিদার আমেরিকার প্রেসিডেন্ট।
জারিফ প্রশ্ন করেন, এটি কি সত্যিই আমেরিকার পররাষ্ট্রনীতি নাকি সৌদি আরবের কাছ থেকে ৪৮,০০০ কোটি ডলার হাতিয়ে নেয়ার অপকৌশল?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি রাজা সালমান বিন আব্দুলআজিজ শনিবার রিয়াদে বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই করেন। এরমধ্যে শুধু সামরিক খাতে সহযোগিতা অর্থাৎ আমেরিকার কাছ থেকে সমরাস্ত্র কেনা বাবদ ১১,০০০ কোটি ডলারের চুক্তি সই করেন দুই রাষ্ট্রপ্রধান।
এরপর ট্রাম্প বুধবার রিয়াদ সম্মেলনে ইরানকে মধ্যপ্রাচ্যের অন্যতম সমস্যা হিসেবে উল্লেখের পাশাপাশি তেহরানকে সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার জন্য অভিযুক্ত করেন।
মার্কিন প্রেসিডেন্ট এমন সময় ইরান বিরোধী বক্তব্য দিলেন যখন আমেরিকা, সৌদি আরব ও ইহুদিবাদী ইসরাইল হচ্ছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তাহীনতার প্রধান তিন উৎস। এ অঞ্চলে সন্ত্রাসবাদ ও সহিংসতার বিস্তার এবং নিরীহ মানুষের প্রাণহানির জন্য এই তিন সরকার দায়ী।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২