ট্রাম্পের ইরান বিরোধী বক্তব্য অবিশ্বাস্য এবং অগ্রহণযোগ্য: বাহরাম কাসেমি
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
ইরান সন্ত্রাসবাদের সমর্থক এবং পৃষ্ঠপোষক বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ করেছেন তাকে অবিশ্বাস্য এবং অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে তেহরান। ইরান বলেছে, ট্রাম্প এমন এক দেশের জমিতে বসে ইরান বিরোধী বক্তব্য দিয়েছেন যে দেশটি সন্ত্রাস এবং উগ্রবাদের স্বর্গভূমি এবং প্রধান পৃষ্ঠপোষক।
সম্প্রতি সৌদি আরব সফরে এসে ট্রাম্প অভিযোগ করেন যে, মধ্যপ্রাচ্যে ইরান ধ্বংসাত্বক কর্মকাণ্ড চালাচ্ছে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে। ট্রাম্প মূলত সিরিয়ায় রিয়াদের সমর্থনপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসা হিজবুল্লাহ যোদ্ধাদের প্রতি ইঙ্গিত করেছেন।
আজ (সোমবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেন, বিশেষ কিছু দেশের বিপদগামী এবং অপ্রাসঙ্গিক অবস্থান নতুন কোনো বিতর্কের বিষয় নয়। তারা সব সময় দোষারূপের রাজনীতি করছে এবং তাদের বক্তব্য অবিশ্বাস্য এবং অগ্রহণযোগ্য।
বাহরাম কাসেমি বলেন, ডোনাল্ড ট্রাম্প এমন একটি দেশে গিয়ে এসব বক্তব্য দিয়েছেন যে দেশটি সন্ত্রাসবাদ এবং উগ্রবাদের স্বর্গভূমি এবং মদদদাতা। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাকে উত্তর দিতে হবে, একটি গৌরবান্বিত ও সফল প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজনকারী ইরান কিভাবে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হয়। ইরানের এ মুখপাত্র আরো বলেন, গত কয়েক দশকে উগ্রবাদ এবং সন্ত্রাসবাদ বিষয়ে সৌদি আরবের অবস্থান সবার কাছেই পরিষ্কার।#
পার্সটুডে/বাবুল আখতার/২৯