আমেরিকাই মূল পরিকল্পনাকারী: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i39776-আমেরিকাই_মূল_পরিকল্পনাকারী_ইরান
ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের প্রধান আলাউদ্দিন বোরুজের্দি তেহরানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতি ইঙ্গিত করে বলেছেন, এতে কোনো সন্দেহ নেই যে এ ধরনের ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী হচ্ছে আমেরিকা। তিনি আজ তেহরানে জুমার নামাজে খুতবার আগে দেয়া এক ভাষণে এ কথা বলেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ০৯, ২০১৭ ১১:৫৯ Asia/Dhaka
  • আমেরিকাই মূল পরিকল্পনাকারী: ইরান

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের প্রধান আলাউদ্দিন বোরুজের্দি তেহরানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতি ইঙ্গিত করে বলেছেন, এতে কোনো সন্দেহ নেই যে এ ধরনের ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী হচ্ছে আমেরিকা। তিনি আজ তেহরানে জুমার নামাজে খুতবার আগে দেয়া এক ভাষণে এ কথা বলেন।

আলাউদ্দিন বোরুজের্দি আরও বলেছেন, পরমাণু ইস্যুতে ইরানের কাছে পরাজিত হওয়ার পর আমেরিকা এখন ভীষণ ক্ষুব্ধ। পরমাণু সংক্রান্ত সব জ্ঞান ও প্রযুক্তি ইরান অর্জন করতে সক্ষম হয়েছে। তবে ইরানের সরকার ও জনগণ নিজেদের বিশ্বাস ও সর্বোচ্চ নেতার ফতোয়ার ভিত্তিতে পরমাণু প্রযুক্তি সামরিক লক্ষ্যে ব্যবহার না করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। 

তিনি আরও বলেন, মুসলিম দেশ সিরিয়া ও ইরাককে সহযোগিতা করার কারণেও আমেরিকা ইরানের ওপর ক্ষুব্ধ এবং ইরানকে ঘায়েল করার ষড়যন্ত্র করে যাচ্ছে। 

বোরুজের্দি বলেন, সন্ত্রাসীরা সংসদ সদস্যদেরকে হত্যার উদ্দেশ্যে সংসদে প্রবেশ করেছিল। কিন্তু তাদের সে লক্ষ্য সফল হয়নি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ভূমিকার কারণে সন্ত্রাসীরা ব্যর্থ হয়েছে। এ ধরনের হামলার মাধ্যমে ইরানি জাতি ও সরকারকে ইসলামের পথ থেকে বিচ্যুত করা যাবে না বলে তিনি মন্তব্য করেন।

গত বুধবার সকালে ইরানের সংসদ ও ইমাম খোমেনী (রহ.)'র মাজারে সন্ত্রাসীরা হামলা চালায়। এর ফলে ১৭ জন শহীদ ও ৫২ জন আহত হয়। এছাড়া নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টায় হামলাকারী পাঁচ সন্ত্রাসীই প্রাণ হারিয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৮