‘ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবে না ইরান’
-
আলাউদ্দিন বোরুজেরদি
ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনো অবস্থায়ই নিজের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কারো সঙ্গে আলোচনায় বসবে না। ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক স্থায়ী কমিশনের প্রধান আলাউদ্দিন বোরুজেরদি এ ঘোষণা দিয়েছেন।
ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে ইউরোপের কোনো কোনো কর্মকর্তার সাম্প্রতিক বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। তাসনিম বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে বোরুজেরদি বলেন, ইরান বহুবার বলেছে, পরমাণু সমঝোতার সঙ্গে এদেশের প্রতিরক্ষা সক্ষমতার কোনো সম্পর্ক নেই এবং এ বিষয়টিকে ‘রেড লাইন’ বিবেচনা করছে তেহরান।
ইরানের এই শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, শত্রুর সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করার জন্য নিজের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার অধিকার বিশ্বের প্রতিটি দেশের রয়েছে।
বোরুজেরদি বলেন, যেসব দেশ ভাবছে ইরানের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করে সেদেশের প্রতিরক্ষা সক্ষমতার ওপর প্রভাব বিস্তার করতে পারবে তারা সুস্পষ্ট ভুলের মধ্যে রয়েছে। কারণ, ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে তেহরান এখন পর্যন্ত কারো সঙ্গে আলোচনা করেনি এবং ভবিষ্যতেও করবে না।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩