ইউরোপের সব দেশ পরমাণু সমঝোতার বাস্তবায়ন চায়: ষ্মিড
https://parstoday.ir/bn/news/iran-i48705-ইউরোপের_সব_দেশ_পরমাণু_সমঝোতার_বাস্তবায়ন_চায়_ষ্মিড
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র সব সদস্য রাষ্ট্র ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার পূর্ণ বাস্তবায়ন চায় বলে জানিয়েছেন ওই ইউনিয়নের একজন পদস্থ কর্মকর্তা। ইইউ’র এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের মহাসচিব হেলগা ষ্মিড তেহরান সফরে এসে এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
নভেম্বর ২২, ২০১৭ ০৬:৩১ Asia/Dhaka
  • তেহরানে জারিফের সঙ্গে সাক্ষাৎ করেন ষ্মিড
    তেহরানে জারিফের সঙ্গে সাক্ষাৎ করেন ষ্মিড

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র সব সদস্য রাষ্ট্র ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার পূর্ণ বাস্তবায়ন চায় বলে জানিয়েছেন ওই ইউনিয়নের একজন পদস্থ কর্মকর্তা। ইইউ’র এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের মহাসচিব হেলগা ষ্মিড তেহরান সফরে এসে এ তথ্য জানিয়েছেন।

ইরান-ইইউ উচ্চ পর্যায়ের তৃতীয় দফা বৈঠকে অংশ নিতে একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে সোমবার তেহরান সফরে আসেন ষ্মিড। দ্বিপক্ষীয় ওই বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে এক সাক্ষাতে একথা জানান তিনি।

সাক্ষাতে পরমাণু সমঝোতা বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনার পাশাপাশি সিরিয়া, ইয়েমেন, কাতার ও লেবাননসহ আঞ্চলিক পরিস্থিতি নিয়েও জারিফ এবং ষ্মিড মতবিনিময় করেন। তারা জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলমান রাজনৈতিক সংকট কূটনৈতিক উপায়ে সমাধান করতে হবে।

সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ ২৮ জাতির ইইউ’র সঙ্গে বিভিন্ন ইস্যুতে সংলাপ চালিয়ে যেতে চায়।

হেলগা ষ্মিড ও আব্বাস আরাকচি

এর আগে ইরানের সঙ্গে ইইউ’র পরমাণু সমঝোতা বাস্তবায়ন বিষয়ক তৃতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। তেহরানে অনুষ্ঠিত ওই বৈঠকে ইরানের পক্ষ থেকে উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও ইইউ’র পক্ষ থেকে হেলগা ষ্মিড নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

জার্মানি ও জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া ও চীনকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৫ সালের ১৪ জুলাই পরমাণু সমঝোতা সই করে ইরান। ২০১৬ সালের ১৬ জানুয়ারি ওই সমঝোতা বাস্তবায়ন শুরু হয়।

সমঝোতা অনুযায়ী পরমাণু কর্মসূচি সংক্রান্ত নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিনিময়ে ইরান তার পরমাণু কর্মসূচিতে কিছুটা সীমাবদ্ধতা আরোপ করে। আমেরিকা ইরানের সঙ্গে ওই সমঝোতা স্বাক্ষরে সক্রিয় ভূমিকা রাখলেও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতাটি বাতিল করার পাঁয়তারা করছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২