ইয়েমেনের ভয়াবহ অপরাধযজ্ঞে ব্রিটেন সরাসরি জড়িত: ইরান
-
বাহরাম কাসেমি
ইরান বলেছে, ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সৌদি শাসকগোষ্ঠীর ভয়াবহ অপরাধযজ্ঞে ব্রিটেনের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে। এ ধরনের ‘সুযোগসন্ধানী ও স্বার্থান্বেষী’ তৎপরতা বন্ধের জন্য লন্ডনের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।
দুই ব্রিটিশ মন্ত্রী যৌথভাবে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ প্রতিক্রিয়া জানিয়েছেন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ও আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী পেনি মোরডন্ট সোমবার এক যৌথ বিবৃতিতে দাবি করেন, ইরান ইয়েমেনে অস্ত্র পাঠাচ্ছে।
গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরব, ফ্রান্স ও আমেরিকার সঙ্গে সুর মিলিয়ে ব্রিটেনও ইয়েমেনে অস্ত্র পাঠানোর জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানকে দায়ী করার ব্যাপক চেষ্টা চালাচ্ছে।
কাসেমি এ সম্পর্কে বলেন, ইয়েমেন আগ্রাসনে ব্রিটেন সৌদি আরবের জন্য তার অস্ত্রের ভাণ্ডার খুলে দিয়েছে। সেইসঙ্গে রিয়াদকে গোয়েন্দা তথ্য ও লজিস্টিক সহযোগিতা দিচ্ছে লন্ডন। তিনি বলেন, ইয়েমেনের নিরপরাধ মানুষ হত্যায় সরাসরি হাত থাকা ব্রিটেনের পক্ষে অন্য কোনো দেশের দিকে অভিযোগের আঙুল তোলা মানায় না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইয়েমেন সংকটের দায় অন্যের কাঁধে চাপানোর আগে ব্রিটেনের উচিত অবিলম্বে নিজের ‘সুযোগসন্ধানী ও স্বার্থান্বেষী’ তৎপরতা বন্ধ করা।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭