ওআইসি সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেছেন ইরানি প্রেসিডেন্ট
-
বৃহস্পতিবার তুরস্কের উদ্দেশ্যে তেহরান ছাড়েন প্রেসিডেন্ট রুহানি
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র বিশেষ সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেছেন। ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইস্তাম্বুল শহরে মুসলিম সংগঠনটির শীর্ষ নেতারা এ সম্মেলনে যোগ দেবেন।
ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার আগে প্রেসিডেন্ট রুহানি সাংবাদিকদের বলেন, ফিলিস্তিনি জনগণ ও পবিত্র আল-কুদ্স রক্ষা করা মানে ইসলামি মূল্যবোধ এবং একটি সভ্য জাতি যা এখন শোচনীয় পরিস্থিতির মুখে রয়েছে তাদেরকে রক্ষা করা।
গত সোমবার ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস স্থানান্তর করা হয়েছে। এর প্রতিবাদে হাজার হাজার ফিলিস্তিনি বিক্ষোভ করেন। সেই বিক্ষোভে ইহুদিবাদী সেনারা নির্বিচারে গুলি চালিয়ে অন্তত ৬০ জন ফিলিস্তিকে শহীদ ও ৩,০০০ ব্যক্তিকে আহত করেছে। এ পরিস্থিতিতে ওআইসি’র সভাপতি দেশ হিসেবে তুরস্ক বিশেষ শীর্ষ সম্মেলন আহ্বান করেছে। এতে যোগ দেবেন সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীরা। ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে এ সম্মেলনে আলোচনা করা হবে।
প্রেসিডেন্ট রুহানি সাংবাদিকদের আরো বলেন, এটা ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে কোনো নতুন অপরাধ নয় বরং তারা গত ৭০ বছর ধরে এ ধরনের অপরাধযজ্ঞ চালিয়ে আসছে। এছাড়া, বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার ঘটনাকে প্রেসিডেন্ট রুহানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন বলে মন্তব্য করেন। তিনি বলেন, এ ঘটনায় মুসলিম বিশ্ব অবশ্যই ক্ষুব্ধ।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮