রুহানির নিউইয়র্ক সফর আন্তর্জাতিক চ্যালেঞ্জ তুলে ধরার সুযোগ এনে দিয়েছে
https://parstoday.ir/bn/news/iran-i64532-রুহানির_নিউইয়র্ক_সফর_আন্তর্জাতিক_চ্যালেঞ্জ_তুলে_ধরার_সুযোগ_এনে_দিয়েছে
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার জন্য নিউইয়র্ক সফরে গেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০১৮ ১৪:২৮ Asia/Dhaka

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার জন্য নিউইয়র্ক সফরে গেছেন।

জাতিসংঘের এ বার্ষিক অধিবেশন দেশগুলোর মধ্যে আলোচনার সুযোগ এনে দিয়েছে যা রাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের দেশগুলো এ অধিবেশনে বিভিন্ন বিষয়ে তাদের অবস্থান ও মতামত তুলে ধরার সুযোগ পায়। নানা কারণে এ অধিবেশন ইরানের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। ইরানের প্রেসিডেন্টের নিউইয়র্ক সফরে দু'টি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে। প্রথমত, সন্ত্রাসবাদ ইস্যু। কারণ ইরান বহুকাল ধরে পাশ্চাত্য ও কয়েকটি আরব দেশের মদদপুষ্ট সন্ত্রাসীদের হামলার শিকার। দ্বিতীয় বিষয়টি হচ্ছে মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা যা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

গত শনিবার ইরানের দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী আহওয়াজ শহরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে যা থেকে বোঝা যায় ইরান সন্ত্রাসীদের টার্গেটে রয়েছে। আমেরিকার একটি কৌশল হচ্ছে সন্ত্রাসীদেরকে বিভিন্ন দেশে ছড়িয়ে দিয়ে সেখানে নিরাপত্তাহীনতা সৃষ্টি করা এবং এরপর সন্ত্রাসীদের মোকাবেলার অজুহাতে সেইসব দেশে হস্তক্ষেপ করা। ঠিক একই অজুহাতে বছরের পর বছর ধরে আফগানিস্তান, ইরাক, সিরিয়া ও ইয়েমেনে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আগ্রাসন চালিয়ে যাচ্ছে আমেরিকা, ইসরাইল ও সৌদি আরব। ইসরাইল-মার্কিন-সৌদি জোট মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ চাপিয়ে দেয়া ছাড়াও সন্ত্রাসবাদের ভয়াবহ বিস্তার ঘটিয়েছে। যার ফলে এ অঞ্চলের জনগণের মধ্যে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয় ও অবর্ণনীয় দুঃখ-কষ্ট। ফিলিস্তিন সংকটের আজো কোনো সুরাহা হয়নি এবং গাজায় দখলদার ইসরাইলের আগ্রাসন অব্যাহত রয়েছে।

মধ্যপ্রাচ্যের বাইরে আন্তর্জাতিক অঙ্গনেও বহু সংকট ও চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে যার জন্য দায়ী আমেরিকার স্বেচ্ছাচারী মনোভাব। এ ধরণের একটি দৃষ্টান্ত হচ্ছে পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া। আমেরিকা শুধু যে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে তাই নয় একই সঙ্গে অন্যান্য দেশকেও ইরান বিরোধী নিষেধাজ্ঞায় শামিল করে আর্থ-রাজনৈতিকভাবেও ইরানকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে।

এ ছাড়া, আমেরিকা হুমকি ও নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে মুক্ত বাজার অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে যা কোনো দেশের জন্যই কল্যাণকর নয়। বর্তমানে আমেরিকা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সর্বাত্মক সমর্থন দিয়ে মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেয়ার পাশাপাশি এ অঞ্চলের দেশগুলোকে ভেঙে টুকরা টুকরা করার ষড়যন্ত্র করছে।

এ অবস্থায় জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেয়ার জন্য ইরানের প্রেসিডেন্টের নিউইয়র্ক সফর আমেরিকাকে চিন্তিত করে তুলেছে। কারণ প্রেসিডেন্ট রুহানি বলেছেন, আমেরিকার একের পর এক আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়গুলো তিনি জাতিসংঘে তুলে ধরবেন।

ইরানের জনগণ বহুবার প্রমাণ করেছে, কারো হুমকি ও চাপের কাছে তারা নতি শিকার করবে না। ইরানের প্রেসিডেন্ট রুহানি তার দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে তেহরানের নীতি অবস্থান তুলে ধরবেন জাতিসংঘ অধিবেশনে। # 

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৪