পাকিস্তান সীমান্তে ইরানের কয়েকজন নিরাপত্তা সদস্য অপহৃত
-
ইরানি নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য (ফাইল ফটো)
পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তানের লুলাকদান এলাকা থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যকে সন্ত্রাসীরা অপহরণ করেছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আজ (মঙ্গলবার) এক বিবৃতির মাধ্যমে এ খবর দিয়েছে।
বিবৃতিতে আইআরজিসি বলেছে, অপহৃত নিরাপত্তা সদস্যদের মধ্যে স্থানীয় স্বেচ্ছাসেবক বাহিনী বাসিজ এবং সীমান্তরক্ষী বাহিনীর একজন সদস্য রয়েছেন। ইরানের গণমাধ্যম সকালের দিকে অপহৃতদের সংখ্যা ১৪ বলে জানালেও পরে ফার্স নিউজ বলেছে, ১১ জন নিরাপত্তা সদস্যকে অপহরণ করেছে সন্ত্রাসীরা।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এবং ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা এ অপহরণের সঙ্গে জড়িত। অপহৃতদের উদ্ধারের জন্য ইরানের নিরাপত্তা বাহিনী প্রস্তুতি নিচ্ছে।
সম্প্রতি, পাকিস্তান সীমান্ত থেকে সশস্ত্র সন্ত্রাসীরা ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা জোরদার করেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়ে আসছে ইরান।#
পার্সটুডে/এসআইবি/১৬