চল্লিশতম বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রা: পদস্থ কর্মকর্তাদের বক্তব্য
-
চল্লিশতম বিজয় বার্ষিকীর শোভাযাত্রা
ইরানের বিচার বিভাগীয় প্রধান আয়াতুল্লাহ অমোলি লারিজানি বলেছেন, ইসলামি সরকার ব্যবস্থার শত্রুরা বিশেষ করে আমেরিকা ও তাদের দোসরদের জেনে রাখা উচিত অন্যায় নিষেধাজ্ঞা ও চাপের মুখে ইরানের জনগণ বিপ্লবী লক্ষ্য থেকে পিছপা হবে না।
আজ ইসলামি বিপ্লবের চল্লিশতম বিজয় বার্ষিকীর শোভাযাত্রায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, এই শোভাযাত্রার মাধ্যমে গুরুত্বপূর্ণ যে বার্তাটি দেয়া হয়েছে, তা হলো ইরানি জাতি কখনোই শত্রুদের কাছে মাথানত করবে না।
ইরানের অভিভাবক পরিষদের সচিব আয়াতুল্লাহ আহমদ জান্নাতিও বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় সাংবাদিকদের বলেছেন, ইসলামের শক্তি সামর্থ্যে বলদর্পিরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। ইরান ইসলামি বিপ্লবের কল্যাণে বিশ্বে সম্মান ও মর্যাদার অধিকারী হবার পাশাপাশি পরাশক্তির গর্বকেও গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছে।
ইরানের সংসদ স্পিকার ড. লারিজানিও শোভাযাত্রায় অংশ নিয়ে বলেছেন, বিজয়ের মিছিলে জনতার স্বতস্ফূর্ত অংশগ্রহণ শত্রুদেরকে নিশ্চিতভাবে হতাশ করবে।
ইরানের সেনাবাহিনীর ডেপুটি কো-অর্ডিনেটর হাবিবুল্লাহ সাইয়্যরি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী জনগণ, ইসলামি বিপ্লব এবং ইসলামি প্রজাতন্ত্রের সুরক্ষায় সদা প্রস্তুত রয়েছে।
ইরানের বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ বলেছেন, এই শোভাযাত্রার মাধ্যমে ইসলামি বিপ্লব পঞ্চম দশকে প্রবেশ করেছে। সেইসঙ্গে বিপ্লবের শত্রুদের মুখে কঠিন চপেটাঘাত হেনেছে।
ইরানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেন আশতারি বলেছেন, দেশের পদস্থ কর্মকর্তারা বিজয়ের মিছিলে জনতার কাতারে শামিল হওয়ায় শত্রুরা হতাশ হয়েছে।
ইরানের নৌ-বাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসাইন খানজাদি বলেছেন, ইসলামি বিপ্লবের পঞ্চম দশকে ইরানের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
ইসলামি বিপ্লব বিজয়ের চল্লিশতম বার্ষিকীতে আজ সারা দেশজুড়ে একই সময়ে শোভাযাত্রা শুরু হয়। সকালে এক হাজারের বেশি শহর এবং দশ হাজারের বেশি গ্রামে এই শোভাযাত্রায় দেশের কোটি কোটি জনতা ইসলামি বিপ্লবের প্রতি নতুন করে তাদের আনুগত্যের প্রকাশ ঘটিয়েছে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/১১
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন