ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের কারণ জানাল অনানুষ্ঠানিক সূত্র
https://parstoday.ir/bn/news/iran-i68398-ইরানের_পররাষ্ট্রমন্ত্রীর_পদত্যাগের_কারণ_জানাল_অনানুষ্ঠানিক_সূত্র
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির দপ্তরের প্রোটোকল বিষয়ক কিছু সমন্বয়হীনতার কারণে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পদত্যাগ করেছেন বলে জানিয়েছে কয়েকটি অনানুষ্ঠানিক সূত্র।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০১৯ ১৩:০২ Asia/Dhaka
  • একটি বার্তা সংস্থা জানিয়েছে, জারিফ তার পদত্যাগপত্র প্রত্যাহার করতে পারেন- এমন সম্ভাবনাও রয়েছে
    একটি বার্তা সংস্থা জানিয়েছে, জারিফ তার পদত্যাগপত্র প্রত্যাহার করতে পারেন- এমন সম্ভাবনাও রয়েছে

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির দপ্তরের প্রোটোকল বিষয়ক কিছু সমন্বয়হীনতার কারণে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পদত্যাগ করেছেন বলে জানিয়েছে কয়েকটি অনানুষ্ঠানিক সূত্র।

জারিফ সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে নিজের পদত্যাগের ঘোষণা দেন।

তবে প্রেসিডেন্ট হাসান রুহানির দপ্তর প্রধান মোহাম্মাদ ওয়ায়েজি টুইটারে দেয়া এক পোস্টে বলেছেন, জারিফের পদত্যাগপত্র গ্রহণ করেননি প্রেসিডেন্ট রুহানি। তার পোস্টে বলা হয়েছে, “প্রেসিডেন্টের পক্ষ থেকে ড. জারিফের পদত্যাগপত্র গৃহিত হওয়ার যে খবর বেরিয়েছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করছি।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের খবর নিশ্চিত করেন। তবে প্রেসিডেন্ট হাসান রুহানি পদত্যাগপত্র গ্রহণ করেছেন কিনা সে সম্পর্কে তিনি কোনো তথ্য জানাতে পারেননি।

মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার পদত্যাগপত্র প্রত্যাহার করতে পারেন- এমন সম্ভাবনার আভাস দিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬