ভারত ও পাকিস্তানকে ধৈর্য ধরার আহ্বান জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i68448-ভারত_ও_পাকিস্তানকে_ধৈর্য_ধরার_আহ্বান_জানালেন_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
ভারত ও পাকিস্তানের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষের ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি ধৈর্য ধরার ও সংযত আচরণ করার জন্যও দু’দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০১৯ ০৩:১৪ Asia/Dhaka
  • ভারত ও পাকিস্তানকে ধৈর্য ধরার আহ্বান জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ভারত ও পাকিস্তানের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষের ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি ধৈর্য ধরার ও সংযত আচরণ করার জন্যও দু’দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।

মোহাম্মাদ জাওয়াদ জারিফ বুধবার তার পাকিস্তানি সমকক্ষ শাহ মেহমুদ কোরেশি’র সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।  তিনি ভারত ও পাকিস্তানকে অবিলম্বে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়ে বলেন, শান্তিপূর্ণ উপায়ে দু’দেশের মধ্যে সৃষ্ট মতবিরোধ নিরসনে ইরান সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

আজ (বৃহস্পতিবার) ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার ভারতীয় সমকক্ষ সুষমা স্বরাজের সঙ্গে টেলিফোনে কথা বলবেন বলে আশা করা হচ্ছে।

গত বছরের অক্টোবরে ইসলামাবাদ সফরে গিয়ে কোরেশির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন জারিফ (ফাইল ছবি)

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গত সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন। এ সম্পর্কে কোনো কারণ উল্লেখ না করে দায়িত্ব পালনে অপারগতার জন্য জনগণের কাছে ক্ষমা চান।

কিন্তু প্রেসিডেন্ট হাসান রুহানি তার পদত্যাগপত্র গ্রহণ না করে তাকে দায়িত্ব পালনে করে যাওয়ার অনুরোধ করেন। প্রেসিডেন্টের অনুরোধে সাড়া দিয়ে মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার স্বাভাবিক কাজে ফিরে এসেছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮