আমেরিকাকে আলোচনার প্রস্তাব দেয় নি ইরান
https://parstoday.ir/bn/news/iran-i69906-আমেরিকাকে_আলোচনার_প্রস্তাব_দেয়_নি_ইরান
আমেরিকার সঙ্গে আলোচনার কোনো প্রস্তাব ইরানের পক্ষ থেকে দেওয়া হয় নি। এ সংক্রান্ত খবরের কোনো ভিত্তি নেই। এসব কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৭, ২০১৯ ১৪:১৭ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস মুসাভি
    সাইয়্যেদ আব্বাস মুসাভি

আমেরিকার সঙ্গে আলোচনার কোনো প্রস্তাব ইরানের পক্ষ থেকে দেওয়া হয় নি। এ সংক্রান্ত খবরের কোনো ভিত্তি নেই। এসব কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি।

তিনি আরও বলেছেন, কোনো কোনো বিদেশি গণমাধ্যমে বলা হয়েছে ইরান আমেরিকার সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে এবং সৌদি আরবের সঙ্গে আলোচনার সূচনা করেছে। কিন্তু এ খবর একেবারেই অসত্য। কারণ ইরান আমেরিকার সঙ্গে আলোচনার জন্য কোনো আবেদন জানায় নি এবং সৌদি আরবের সঙ্গেও রাজনৈতিক কোনো আলোচনা হচ্ছে না। দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে সৌদি আরবের সঙ্গে শুধুমাত্র হজ্ব বিষয়ে যোগাযোগ ও আলোচনা হয়। রাজনৈতিক ইস্যুতে কোনো আলোচনা হয় নি। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ইরান পারস্পরিক সম্মানের ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার নীতিতে বিশ্বাস করে। কিন্তু সৌদি আরব গত কয়েক বছর ধরে অগঠনমূলক নীতির ভিত্তিতে ভুল পথে এগোচ্ছে। তাদের ভুল নীতির কারণে গোটা অঞ্চলে সংকট ও সমস্যা দেখা দিয়েছে। 

তিনি বলেন, সৌদি আরব যদি আন্তরিকতার সঙ্গে কল্যাণের পথে ফেরে এবং মধ্যপ্রাচ্যের জাতিগুলোর সঙ্গে একাত্ম হয় তাহলে ইরান অতীতের মতো এখনও দেশটির সঙ্গে সম্পর্ক ও আলোচনা করতে প্রস্তুত রয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭