বাংলাদেশ ও ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ চলতি সপ্তাহেই বাংলাদেশ ও ইন্দোনেশিয়া সফর করবেন বলে খবর দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি।
তিনি রোববার আইআরআইবি’র সংবাদদাতাকে জানিয়েছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী কয়েকটি ইউরোপীয় দেশ, চীন, জাপান ও মালয়েশিয়া সফরের পর এবার একটি শক্তিশালী রাজনৈতিক প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া সফরে যাবেন।
মুসাভি বলেন, ঢাকা সফরে জারিফ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ঢাকায় অনুষ্ঠেয় ভারত মহাসাগরীয় দেশগুলোর একটি আঞ্চলিক সম্মেলন ভাষণ দেবেন। তিনি বাংলাদেশের সঙ্গে ইরানের সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করবেন এবং রোহিঙ্গা শরণার্থীদের খোঁজখবর নেবেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জারিফ ইন্দোনেশিয়া সফরে গিয়ে জাকার্তা-তেহরান সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে দেশটির পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
মুসাভি বলেন, কূটনৈতিক অঙ্গনে ইরানের শক্তিশালী উপস্থিতির অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী জারিফ বাংলাদেশ ও ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন। বিশ্বের প্রতিটি অঞ্চলের দেশগুলোর সঙ্গে ইরান ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বলেও তিনি উল্লেখ করেন।#
পার্সটুডে/এমএমআই/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।