বিশ্ববাসীকে বিভ্রান্ত করার মার্কিন প্রচেষ্টা নস্যাত করেছে ইরান: জারিফ
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ সম্পর্কে মার্কিন সরকার গোটা বিশ্বকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা চালিয়েছিল তা নস্যাত করে দিয়েছে তেহরান।
লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে জারিফ এ মন্তব্য করেন। তিনি বলেন, নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনের অবকাশে আমেরিকার বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ইরান ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েছে। ফলে বিশ্বের দেশগুলোর সামনে আমেরিকার ভ্রান্ত নীতি ও বিভ্রান্তি সৃষ্টির অপতৎরতা ব্যর্থ হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রদর্শনমূলক করমর্দন করার যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন ইরানি প্রতিনিধিদল তা কার্যকরভাবে প্রতিহত করেছে। তিনি বলেন, ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেয়ার আগ পর্যন্ত আমেরিকার সঙ্গে কোনো আলোচনা হবে না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের বার্ষিক অধিবেশনে যোগ দেয়ার জন্য প্রায় দু’সপ্তাহ নিউ ইয়র্ক অবস্থান করেন। এ সফরে তিনি বিশ্বের বহু দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি প্রায় সবগুলো বড় আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। মোহাম্মাদ জাওয়াদ জারিফ গতরাতে তেহরানে ফিরেছেন।#
পার্সটুডে/এমএমআই/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।