সরকার বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ: ব্রিটিশ রাষ্ট্রদূতকে কড়া সতর্কবার্তা ইরানের
https://parstoday.ir/bn/news/iran-i76839-সরকার_বিরোধী_বিক্ষোভে_অংশগ্রহণ_ব্রিটিশ_রাষ্ট্রদূতকে_কড়া_সতর্কবার্তা_ইরানের
ইরানের রাজধানী তেহরানের একটি বেআইনি সমাবেশে ব্রিটিশ রাষ্ট্রদূতের উপস্থিতির পরিপ্রেক্ষিতে ওই কূটনীতিককে কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকেয়ারকে কঠোর ভাষায় এ ধরনের আচরণের পুনরাবৃত্তি না করার আহ্বান জানানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২১, ২০২০ ০৪:২০ Asia/Dhaka
  • ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

ইরানের রাজধানী তেহরানের একটি বেআইনি সমাবেশে ব্রিটিশ রাষ্ট্রদূতের উপস্থিতির পরিপ্রেক্ষিতে ওই কূটনীতিককে কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকেয়ারকে কঠোর ভাষায় এ ধরনের আচরণের পুনরাবৃত্তি না করার আহ্বান জানানো হয়েছে।

আরাকচি বলেন, আমরা ম্যাকেয়ারকে ডেকে তার কূটনৈতিক শিষ্টাচার বিরোধী তৎপরতার কঠোর প্রতিবাদ জানানোর পাশাপাশি তাকে বলে দিয়েছি, এরপর এই ঘটনার পুনরাবৃত্তি হলে তেহরান শুধু তাকে তলব করার মধ্যে নিজের দায়িত্ব সীমাবদ্ধ রাখবে না।

ইরানের রাজধানী তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত

ব্রিটিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার কয়েকদিন পর ম্যাকেয়ার তেহরান ত্যাগ করেন। তিনি স্থায়ীভাবে দেশে ফিরে গেছেন কিনা এ নিয়ে ইরানের ভেতরে ও বাইরে যে জল্পনা চলছে সে সম্পর্কে আরাকচি বলেন, ব্রিটিশ রাষ্ট্রদূত ব্যক্তিগত কাজে ব্রিটেনে ফিরে গেছেন এবং কাজ শেষে আবার তেহরানে ফিরে আসবেন।

ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকেয়ার গত ১১ জানুয়ারি তেহরানের 'আমির কাবির' বিশ্ববিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত একটি বেআইনি সমাবেশে যোগ দিয়ে সমাবেশকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। এ সময় ইরানের পুলিশ তাকে আটক করে। পরে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তার কূটনৈতিক দায়মুক্তির কারণে পুলিশ তাকে ছেড়ে দেয়।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্রিটিশ রাষ্ট্রদূত ওই অবৈধ সমাবেশের ছবি ও ভিডিও ধারণ করছিলেন।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।