ইরানের চাবাহারে শিল্পনগরী ও মেগাপোর্ট তৈরির পরিকল্পনা করছে চীন
ইরানের চাবাহারে শিল্পনগরী নির্মাণ করবে চীন। ইরানের প্রথম মহাসাগর বন্দর নির্মাণের অংশ হিসেবে এটি তৈরি করা হবে। আর এ লক্ষ্যে ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বেলুচিস্তানে চাবাহার সফর করেছে চীনের সিএমআই’এর একটি কারিগরি দল।
চাবাহার মুক্ত বাণিজ্য অঞ্চলের এক ইরানি কর্মকর্তা বলেন, গতবছর সিএমআই ব্যবস্থাপকদের সফরের পরিপ্রেক্ষিতে কারিগরি দলটি ওই এলাকা সফর করেছে। শিল্পনগরী নির্মাণ নিয়ে সমঝোতা পত্র বা এমওইউ গত বছর সই করেছে দেশ দু’টি।
চীন এরই মধ্যে চাবাহারে প্রকল্পের স্থান নির্ধারণ করেছে । চীনা পরিকল্পনা অনুসারে পর্যায়ক্রমিক নির্মাণের মাধ্যমে চাবাহার মুক্ত বাণিজ্য অঞ্চলকে একটি মেগাপোর্টে পরিণত করা হবে।
চাবাহার মুক্ত বাণিজ্য অঞ্চলটি ওমান উপসাগরের উপকূলে অবস্থিত। ভারত মহাসাগর থেকে এটিই ইরানের সবচেয়ে নিকটবর্তী এলাকা। ভারত মহাসাগরের উত্তরাঞ্চলীয় অংশ এবং মধ্য এশিয়ার ট্রানজিট কেন্দ্র হিসেবে চাবাহারকে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে ইরান।
অবশ্য এ ক্ষেত্রে চাবাহারে চীনের বিনিয়োগের ধরণ এখনো সুস্পষ্ট হয় নি। কারণ এ বন্দরটি বহুল প্রতীক্ষিত ভারতীয় তৎপরতার ভিত্তিতে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।#
মূসা রেজা/২৮