আমেরিকায় এখন সবচেয়ে খারাপ এবং দুষ্ট শাসন চলছে: রুহানি
-
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
আমেরিকায় এখন সবচেয়ে খারাপ এবং দুষ্ট প্রকৃতির শাসন চলছে বলে মন্তব্য করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। তিনি বলেন, আমেরিকা সব সময় একটি সন্ত্রাসী রাষ্ট্র ছিল। তবে বর্তমান শাসন ব্যবস্থায় এর সন্ত্রাসী কার্যক্রম নজিরবিহীন।
প্রেসিডেন্ট রুহানি আজ (বুধবার) মন্ত্রিসভার বৈঠকে আমেরিকার সাম্প্রতিক কয়েক বছরের সন্ত্রাসী কার্যক্রমের প্রতি ইঙ্গিত করে বলেন, আমেরিকা সবসময় স্বাধীন এবং নিপীড়িত জাতিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এমনকি বিশ্বে মহামারী করোনাভাইরাসের তাণ্ডবে হাজার হাজার মানুষ যখন মারা যাচ্ছে তখন এ ভাইরাস মোকাবেলার লক্ষ্যে প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সামগ্রী কিনতে কোনো কোনো দেশের বিরুদ্ধে বাধা সৃষ্টি করছে আমেরিকা।
রুহানি বলেন, "আমেরিকায় সবচেয়ে খারাপ শাসন ব্যবস্থা চলাকালিন সময়ে ইরান দুই বছর পার করেছে। মার্কিন ইতিহাসে এমন অমানবিক, হঠকারী এবং অযোগ্য শাসন ব্যবস্থা আর কখনোই দেখা যায় নি। এমনকি দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র রাজনীতির প্রাথমিক জ্ঞান আছে বলে মনে হয় না।"
প্রেসিডেন্ট রুহানি দেশের চলমান পরিস্থিতিতে ইরানি জনগণের সহযোগিতা এবং চিকিৎসা খাতে তাদের আত্মোৎসর্গের প্রতি ইঙ্গিত করে বলেন, করোনা মোকাবেলায় ইরানি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং নার্সদের সেবা এবং ত্যাগের মানসিকতা ইসলামের শিক্ষা এবং সংস্কৃতি থেকে উৎসারিত হয়েছে।#
পার্সটুডে/এমবিএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।