ভেনিজুয়েলাগামী ট্যাংকার আটক হলে কঠিন জবাব দেওয়া হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i79997-ভেনিজুয়েলাগামী_ট্যাংকার_আটক_হলে_কঠিন_জবাব_দেওয়া_হবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সরকার গোটা বিশ্ব ব্যবস্থাকে উলটপালট করে দিতে চায়। বিশ্বে নৈরাজ্য সৃষ্টিই তাদের প্রধান উদ্দেশ্য। তিনি আজ (সোমবার) তেহরানে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৮, ২০২০ ১২:২৪ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস মুসাভি
    সাইয়্যেদ আব্বাস মুসাভি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সরকার গোটা বিশ্ব ব্যবস্থাকে উলটপালট করে দিতে চায়। বিশ্বে নৈরাজ্য সৃষ্টিই তাদের প্রধান উদ্দেশ্য। তিনি আজ (সোমবার) তেহরানে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক ধ্বংসাত্মক পদক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, বিশ্বের সব দেশ ও জাতির উচিত জাতিসংঘ ঘোষণায় স্বীকৃত বিষয়গুলো রক্ষায় সোচ্চার হওয়া।

ভেনিজুয়েলাগামী ইরানি তেল ট্যাংকার আটকের মার্কিন হুমকিকে লজ্জাজনক আখ্যায়িত করে তিনি বলেন, কোনো দেশকে আমেরিকার পছন্দ নাও হতে পারে, কিন্তু এ কারণে আমেরিকা ওই দেশের বাণিজ্য বন্ধ করে দিতে পারে না, বাণিজ্যের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টির অধিকার রাখে না। এই অজুহাতে ওই দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপেরও কোনো এখতিয়ার তাদের নেই। এ ধরণের দেশকে বিরক্ত করারও কোনো অধিকার আমেরিকা রাখে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানি তেল ট্যাংকারের বিরুদ্ধে যেকোনো ধরণের হঠকারি পদক্ষেপের পরিণতির দায় আমেরিকাকেই বহন করতে হবে। তিনি বলেন, ইরানি জাহাজগুলোর ন্যায়সঙ্গত ও স্বাধীন চলাচলে কোনো ধরনের বাধা তৈরি করা হলে তেহরান অত্যন্ত কঠিন জবাব দেবে।

ইরাক ও আফগানিস্তানে সাম্প্রতিক রাজনৈতিক সমাধানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ইরাকের সরকারের প্রতি ইরানের পুরোপুরি সমর্থন রয়েছে। একই সঙ্গে আফগানিস্তানের যে রাজনৈতিক সমঝোতা হয়েছে সেটাকে সবার আগে স্বাগত জানিয়েছে তেহরান। তিনি বলেন, ইরান সব সময় আফগানিস্তানে নিরাপত্তা ও স্থিতিশীলতা দেখতে চায় এবং এই নীতিকেই সব সময় প্রাধান্য দেয়।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।