মহানবী (স)-কে অবমাননা করে কার্টুন ছাপানোর জন্য ফরাসি ম্যাগাজিনের কঠোর নিন্দা
-
সাঈদ খাতিবজাদেহ
মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (স)-কে অবমাননা করে বিকৃত ও অরুচিকর কার্টুন ছাপানোর জন্য ফ্রান্সের শার্লি এবদো ম্যাগাজিনের বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
ইরানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাঈদ খাতিবযাদেহ বলেন, মহানবী (স) কিংবা অন্য যেকোন নবীকে অবমাননা করা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। বাকস্বাধীনতার নামে উস্কানিমূলক পদক্ষেপের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ইসলামি মূল্যবোধ ও ১০০ কোটিরও বেশি মুসলমানের বিশ্বাসের প্রতি অসম্মান করা হয়েছে।
এদিকে, ইরানের আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এক বার্তায় সুইডেনে পবিত্র কোরআনে আগুন দেয়ার কঠোর নিন্দা জানিয়েছে। আল-মুস্তাফা বিশ্ববিদ্যালয় বলেছে, এই ধরনের তৎপরতা উগ্রবাদ ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে সাংঘর্ষিক।
বার্তায় আরো বলা হয়েছে, মুসলমানদের পবিত্র গ্রন্থ আল-কোরআনের প্রতি এ ধরনের অবমাননা কোনভাবেই বাকস্বাধীনতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। মহাগ্রন্থ আল-কোরআনে অগ্নিকাণ্ডের ঘটনা বিশ্বের সমস্ত মুক্তচিন্তার মানুষকে আহত করেছে বলেও উল্লেখ করা হয়েছে ওই বার্তায়।#
পার্সটুডে/এসআইবি/৪