সিরিয়া নিয়ে আলোচনার জন্য মস্কো যাচ্ছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী
রাশিয়া সফরে যাচ্ছেন আরব ও আফ্রিকা বিষয়ক ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। মধ্যপ্রাচ্য বিশেষ করে সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্যে এ সফর করবেন তিনি। আজ(বুধবার) আরো পরে মস্কোর উদ্দেশ্যে রওনা দিবেন তিনি।
এ সফরকালে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগাদানোভের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি এবং জেনেভায় জাতিসংঘ মধ্যস্থতায় সিরিয়া শান্তি আলোচনা পুনরায় শুরুর বিষয়কে আলোচনায় অগ্রাধিকার দেয়া হবে।
মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সিরিয়া বিষয়ক জাতিসংঘ বিশেষদূত স্টাফেন ডি মিস্টুরা বৈঠকের পরই রাশিয়া সফরে যাচ্ছেন আব্দুল্লাহিয়ান।
সিরিয়ার কোনো কোনো অঞ্চলে সহিংসতা বেড়েছে এবং যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় যুদ্ধবিরতিকে পুরোপুরি কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছেন জাতিসংঘ দূত। রুশ-মার্কিন মধ্যস্থতায় ফেব্রুয়ারি মাসের শেষ থেকে সিরিয়ায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। বিবদমান পক্ষগুলোর মধ্যে আলোচনার অবকাশ তৈরির জন্য এটি কার্যকর করা হয়।#
মূসা রেজা/৪