শ্রোতাদের মতামত
রংধনু আসর: রেডিও তেহরানের কালজয়ী এক অনুষ্ঠানের নাম
সুপ্রিয় মহোদয়, শীতের সকালে কুয়াশা ভেদ করে ওঠা মিহি রোদের মিষ্টি শুভেচ্ছা রইল। মিথ্যে, মরীচিকা আর অবক্ষয়ের ভুল পৃথিবীতে এখনো শান্তির সুবাতাস হয়ে পারস্য উপসাগরের বুক চিরে স্বগর্বে মহীরুহ হয়ে টিকে রয়েছে আইআরআইবি তথা রেডিও তেহরান।
ইথার সম্প্রচারের ধারাবাহিকতায় অনন্য, অতুলনীয় এবং সময়োপযোগী নানা অনুষ্ঠান প্রচার করে শ্রোতাদের মনে আসন করে নিয়েছে যুগ যুগ ধরে। তেমনই কালজয়ী এক অনুষ্ঠানের নাম 'রংধনু আসর'।
সম্প্রতি রংধনু আসরে প্রচারিত হয়েছে 'বিশ্বনবীর শিশুপ্রীতি' শিরোনামে একটি চমৎকার অনুষ্ঠান। অনুষ্ঠানটিতে ফ্রান্সের বিখ্যাত মনীষী সিদুয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন চিন্তাবিদদের লেখার উদ্ধৃতির মাধ্যমে চমৎকারভাবে ফুটে ওঠেছে শিশুদের প্রতি হযরত মুহাম্মদ (সা.)-এর আন্তরিকতা, মমতা ও দয়াশীলতার অনুপম নিদর্শন।
বিশেষ করে, রাসুল (সা.)-এর প্রাণপ্রিয় দুই নাতি ইমাম হাসান এবং হুসাইনের সাথে নবী (সা.)-এর হামাগুড়ি খেলার ঘটনাটি ছিল খুবই উপভোগ্য। তাছাড়া, এতিম বাচ্চাদেরকে আপন করে নিয়ে তাদেরকে স্নেহাশীষ করা, ভরণপোষণ করার বিষয়গুলো থেকে আমরা রাসুল (সা.) এর শিশুপ্রীতি সমন্ধে সম্যক ধারণা পেয়ে তুষ্ট হয়েছি। বিশ্বনবীর শিশুপ্রীতি নিয়ে চমৎকারভাবে আলোচনার জন্য রংধনু সংশ্লিষ্ট সবাইকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
বিনীত,
হারুন অর রশীদ
সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব।
গ্রাম: পূর্ব নলছিয়া, পো: বিনোদটঙ্গী
থানা: মাদারগঞ্জ, জেলা: জামালপুর-২০১০, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।