হামাস নেতার সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
‘মধ্যপ্রাচ্যের সকল সমস্যা ও সংকটের উৎস ইহুদিবাদী ইসরাইল’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যের সকল সমস্যা ও সংকটের উৎস ইহুদিবাদী ইসরাইল।তিনি মঙ্গলবার রাতে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পলিটব্যুরো প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হানিয়াকে অভিনন্দন জানিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের হাতে গোনা কয়েকটি দেশ অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নিয়ে মুসলিম উম্মাহসহ এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বিরোধী কাজ করেছে।
তিনি হামাসকে কুদস শরীফ মুক্ত করার প্রতিরোধ আন্দোলনের অগ্রসেনানী হিসেবে উল্লেখ করে বলেন, ফিলিস্তিনি জাতির ঐতিহাসিক অধিকার আদায়ের ক্ষেত্রে প্রতিরোধ আন্দোলন কেন্দ্রীয় ভূমিকা পালন করছে।
টেলিফোনালাপে কিছু মুসলিম দেশের পক্ষ থেকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার তীব্র নিন্দা জানিয়ে ইসমাইল হানিয়া বলেন, এসব মুসলিম দেশ মার্কিন-ইসরাইলি ষড়যন্ত্রে পা দিয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরাইলের প্রভাব বিস্তারের ঘটনাকে এ অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে সাবেক ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন, চূড়ান্তভাবে এই ষড়যন্ত্র ব্যর্থ হবে।#
পার্সটুডে/এমএমআই/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।