রুশ অনুরোধে তুর্কি-সিরিয় সীমান্ত বন্ধ করবে আঙ্কারা
https://parstoday.ir/bn/news/west_asia-i17044-রুশ_অনুরোধে_তুর্কি_সিরিয়_সীমান্ত_বন্ধ_করবে_আঙ্কারা
তুরস্ক সিরিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়ার কথা ভাবছে। মস্কো-আঙ্কারা সম্পর্কের বরফ খুব দ্রুত গলতে থাকার প্রেক্ষাপটে রুশ দৈনিক ইজভেস্তিয়া এ খবর দিয়েছে। 
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
আগস্ট ১২, ২০১৬ ১৫:২২ Asia/Dhaka
  • সিরিয়া সীমান্তের কাছে মোতায়েন তুরস্কের কিছু কামান (ফাইল ছবি)
    সিরিয়া সীমান্তের কাছে মোতায়েন তুরস্কের কিছু কামান (ফাইল ছবি)

তুরস্ক সিরিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়ার কথা ভাবছে। মস্কো-আঙ্কারা সম্পর্কের বরফ খুব দ্রুত গলতে থাকার প্রেক্ষাপটে রুশ দৈনিক ইজভেস্তিয়া এ খবর দিয়েছে। 

রুশ সংসদের নিম্নকক্ষের প্রতিরক্ষা কমিটির  উপ-প্রধান ভিক্টর ভোদোলাতস্কি’র বরাত দিয়ে দৈনিকটি জানিয়েছে, সম্প্রতি রাশিয়া ও তুরস্কের এক যৌথ কমিশনের বৈঠকে মস্কো তুর্কি-সিরিয়া সীমান্ত বন্ধ করে দেয়ার ওপর জোর দিয়েছে।
ভোদোলাতস্কি বলেছেন, গতকাল (১১ আগস্ট) রাশিয়া ও তুরস্কের যৌথ কমিশনের যে বৈঠক হয়েছে তা সেন্ট পিটার্সবার্গে পুতিন-এরদোগান সংলাপেরই ধারাবাহিকতা। এ সংলাপ অনুষ্ঠিত হয়েছিল গত মঙ্গলবার।  
পুতিন ও এরদোগান সিরিয়া সংকটের শান্তিপূর্ণ সমাধানের বিষয়েও কথা বলেছিলেন ওই বৈঠকে। আর এরই প্রেক্ষাপটে মস্কো সিরিয়া-তুর্কি সীমান্ত বন্ধ করতে আঙ্কারার কাছে দাবি তোলার সিদ্ধান্ত নেয় বলে ভোদোলাতস্কি জানান। কারণ, তুর্কি সীমান্ত দিয়েই সিরিয়ায় ঢুকছে সন্ত্রাসী ও অস্ত্র।
তিনি আরও বলেছেন, এই ইস্যুটি রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ গুরুত্ব রাখে। তুরস্কের যেসব অঞ্চল দিয়ে সিরিয়ায় সন্ত্রাসী ও অস্ত্র ঢোকানো হচ্ছে সেইসব অঞ্চলের স্যাটেলাইট ছবি তুরস্কের কাছে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো।    
রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে আঙ্কারা সিরিয়-তুর্কি সীমান্ত বন্ধ করে দেয়ার সবুজ সংকেত দেবে-এমন সম্ভাবনা প্রায় নিশ্চিত বলে এই রুশ কর্মকর্তা মন্তব্য করেছেন। #

পার্সটুডে/মু.আ.হুসাইন/১২