মসুলের পথে এগুচ্ছে কুর্দি বাহিনী; গুরুত্বপূর্ণ ক্রসিং পয়েন্ট দখল
-
মসুল অভিমুখে কুর্দি যোদ্ধাদের অগ্রাভিযান (১৪ জুলাইয়ের ছবি)
ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে মুক্ত করার জন্য শহরের দিকে এগিয়ে চলেছে কুর্দি পেশমার্গা বাহিনী। এরইমধ্যে মসুল যাওয়ার পথে তারা একটি নদীর গুরুত্বপূর্ণ ক্রসিং পয়েন্ট দখলে নিয়েছে। দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে এ ক্রসিং পয়েন্ট বিশেষ সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
গতকাল (সোমবার) কুর্দি যোদ্ধারা গ্রান্ড জাব নদীর গুরুত্বপূর্ণ এ ক্রসিং পয়েন্ট দখল করেছে। এলাকাটি মসুল শহরের দক্ষিণ-পূর্বে অবস্থিত। ২০১৪ সালের জুন মাসে মসুল শহর দখল করে নেয় সন্ত্রাসীরা। এরপর এ ব্রিজটি সন্ত্রাসীদের হাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ব্রিজের নিয়ন্ত্রণ কুর্দি যোদ্ধাদের হাতে থাকার ফলে এখন মসুল শহরের দিকে যাওয়া ইরাকি বাহিনীর জন্য অনেক সহজ হবে। গ্রান্ড জাব নদীর গুরুত্বপূর্ণ এ ক্রসিং পয়েন্ট থেকে প্রধান সড়কটি মসুল শহরে পৌঁছেছে।
কুর্দি অঞ্চলের নিরাপত্তা পরিষদের প্রধান মাসরুর বারজানি বলেছেন, কৌশলগত এ এলাকাটির নিয়ন্ত্রণ হাতে পাওয়ার কারণে কুর্দি বাহিনী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে থাকবে। তিনি জানান, রোববার শুরু হওয়া অভিযানে কুর্দি যোদ্ধারা প্রায় ১৫০ বর্গ কিলোমিটার এলাকা মুক্ত করেছে।
এদিকে, মসুল শহরের আশপাশে ইরাকি সেনা ও স্বেচ্ছা পপুলার মোবালাইজেশন ইউনিটের যোদ্ধারা অবস্থান নেয়ায় ওই এলাকার বহু পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছেড়েছে। তারা আশংকা করছে- শিগগিরি সেখানে বড় ধরনের সংঘর্ষ শুরু হবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬