'রাশিয়াকে সামরিক ঘাঁটি খোলার অনুমতি দিতে ইয়েমেন প্রস্তুত'
-
ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ
ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ বলেছেন, তার দেশের নতুন সরকার সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে মস্কোকে সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। সেই লক্ষ্যে ইয়েমেনে সামরিক ঘাঁটি খুলতে নতুন সরকার রাশিয়াকে অনুমতি দেবে বলে জানান তিনি।
গতকাল (রোববার) রাষ্ট্র-নিয়ন্ত্রিত রাশিয়া ২৪-টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে সালেহ বলেন, 'রাশিয়া আমাদের খুব কাছের বন্ধু। সন্ত্রাসবিরোধী অভিযানে আমরা রাশিয়ার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই।'
তিনি বলেন, রাশিয়ার সামরিক ঘাঁটি খোলার অনুমতি দিতে তার দেশ প্রস্তুত আছে। তিনি আরো বলেন, আমরা রাশিয়া ফেডারেশনকে সামরিক ঘাঁটি, বিমানবন্দর এবং সমুদ্রবন্দরসহ সব ধরণের সুবিধা দিতে প্রস্তুত রয়েছি।
সালেহ বলেন, এই ধরণের সহযোগিতা দেয়ার অর্থ এই নয় যে, ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসা সৌদি বাহিনীর বিরুদ্ধে ইয়েমেনি সেনাবাহিনীর সঙ্গে রাশিয়া একসঙ্গে লড়াই করবে।
ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে ইরান হস্তক্ষেপ করছে বলে যে দাবি করা হচ্ছে তাও নাকচ করে দেন দেশটির সাবেক প্রেসিডেন্ট সালেহ।তিনি বলেন, ইয়েমেনের মাটিতে ইরানের কোনো উপস্থিতি নেই। তিনি আরো বলেন, আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো ভালভাবেই জানে যে, ইয়েমেনে ইরানের কোনো উপস্থিতি নেই।
সালেহ বলেন, 'আমরা ইরান বিরোধী নই। ইরান ভ্রাতৃত্বপূর্ণ একটি মুসলিম দেশ। বর্তমানে এই দেশটির সঙ্গে আমাদের কোনো রকম সহযোগিতামূলক চুক্তি নেই।'#
পার্সটুডে/বাবুল আখতার/২২