সিরিয়ার সেনা অবস্থানে বিমান হামলা চালাল ইহুদিবাদী ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i19219-সিরিয়ার_সেনা_অবস্থানে_বিমান_হামলা_চালাল_ইহুদিবাদী_ইসরাইল
সিরিয়ার গোলান মালভূমিতে দেশটির সেনা অবস্থানগুলো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। তেল আবিব দাবি করেছে, সিরিয়ার ভেতর থেকে নিক্ষিপ্ত একটি গোলা অধিকৃত গোলান মালভূমির একটি ফাঁকা স্থানে আঘাত হানার পর এ বিমান হামলা চালানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০১৬ ০২:৪৬ Asia/Dhaka
  • একটি ইসরাইলি এফ-১৬ জঙ্গিবিমান (ফাইল ছবি)
    একটি ইসরাইলি এফ-১৬ জঙ্গিবিমান (ফাইল ছবি)

সিরিয়ার গোলান মালভূমিতে দেশটির সেনা অবস্থানগুলো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। তেল আবিব দাবি করেছে, সিরিয়ার ভেতর থেকে নিক্ষিপ্ত একটি গোলা অধিকৃত গোলান মালভূমির একটি ফাঁকা স্থানে আঘাত হানার পর এ বিমান হামলা চালানো হয়েছে।

রোববার এক বিবৃতি প্রকাশ করে ইসরাইল দাবি করেছে, তাদের জঙ্গিবিমান সিরিয়ার গোলান মালভূমিতে বেশ কিছু কামানের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনার পর ইসরাইলি সেনা মুখপাত্র পিটার লারনার টুইট বার্তায় দাবি করেন, ইসরাইল অধিকৃত গোলানে কামানের গোলা আঘাত হেনেছে এবং এর দায় সিরিয়া সরকারকে নিতে হবে।

ইহুদিবাদী ইসরাইল বিগত বছরগুলোতে বহুবার নানা অজুহাতে সিরিয়ার গোলান মালভূমিতে বিমান হামলা চালিয়েছে।

গত ২২ আগস্ট তেল আবিব দাবি করে, সিরিয়ায় সংঘর্ষরত পক্ষগুলোর নিক্ষিপ্ত একটি গোলা ইসরাইলে গিয়ে পড়ার পর ওই এলাকায় ইসরাইলি জঙ্গিবিমান বোমাবর্ষণ করেছে।

ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমির একাংশ দখল করে নেয়। জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজ এই দখলদারিত্বকে স্বীকৃতি না দিলেও তেল আবিব এই মালভূমির দখলীকৃত অংশকে নিজের  ‘অবিচ্ছেদ্য অংশের’ অন্তর্ভূক্ত করে নিয়েছে। বর্তমানে সেখানে গড়ে উঠেছে বহু অবৈধ ইহুদি বসতি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫