যুদ্ধবিরতি পালন করছে শুধু সিরিয়া ও রাশিয়া: মস্কো
https://parstoday.ir/bn/news/west_asia-i20371-যুদ্ধবিরতি_পালন_করছে_শুধু_সিরিয়া_ও_রাশিয়া_মস্কো
সিরিয়ায় শুধুমাত্র দেশটির সরকার ও রাশিয়া ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের নিন্দাও জানিয়েছে ওই মন্ত্রণালয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০১৬ ০২:৩৬ Asia/Dhaka
  • যুদ্ধবিরতি পালন করছে শুধু সিরিয়া ও রাশিয়া: মস্কো

সিরিয়ায় শুধুমাত্র দেশটির সরকার ও রাশিয়া ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের নিন্দাও জানিয়েছে ওই মন্ত্রণালয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধবিরতি একটি দ্বিপক্ষীয় বিষয় হলেও সিরিয়ায় কেবলমাত্র একপক্ষ তা বাস্তবায়ন করছে।

বিদেশি মদদপুষ্ট জঙ্গিরা সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে নিজেদের নিয়ন্ত্রিত এলাকা থেকে সরকারি সেনা অবস্থানে গোলাবর্ষণের পর সেনাবাহিনী ওই এলাকার একটি সংযোগ সড়কে নতুন করে সেনা ও গোলাবরুদ মোতায়েন করেছে। আলেপ্পোয় জঙ্গি অধ্যুষিত এলাকায় যাওয়ার একমাত্র প্রবেশ পথ হচ্ছে ওই সংযোগ সড়ক।

সিরিয়ার সেনাবাহিনী গত ২৬ জুলাই জঙ্গিদের কাছ থেকে ওই সংযোগ সড়ক পুনরুদ্ধার করে।

এদিকে রাশিয়া বলেছে, দেশটি সিরিয়া জুড়ে চলমান যুদ্ধবিরতি আরো অন্তত ৭২ ঘন্টার জন্য বাড়াতে চায়।

রাশিয়া ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীরা ১৩ ঘন্টার ম্যারাথন আলোচনা শেষে গত ৯ সেপ্টেম্বর সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা করতে সম্মত হন। ১২ সেপ্টেম্বর থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়। এ যুদ্ধবিরতি চলার সময় সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আলেপ্পোয় মানবিক ত্রাণ তৎপরতা জোরদার করার আহ্বান জানানো হয়। এ ছাড়া, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলোর অবস্থানে যৌথভাবে বিমান হামলা চালাতে সম্মত হয় ওয়াশিংটন ও মস্কো।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭