সংকট থেকে মুক্তি পেল লেবানন; হিজবুল্লাহর মিত্র মিশেল আউন নতুন প্রেসিডেন্ট
-
মিশেল আউন
৪৬ দফা প্রচেষ্টার পর শেষ পর্যন্ত নতুন প্রেসিডেন্ট পেয়েছেন লেবাননের জনগণ। দেশটির প্রেসিডেন্ট পদে দীর্ঘ শূন্যতা পূরণ করতে সংসদ সদস্যরা ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র মিশেল আউনকেই সমর্থন দিয়েছেন।
প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আজ (সোমবার) দুপুরে লেবাননের জাতীয় সংসদের অধিবেশনে ভোটগ্রহণ করা হয়। চার দফা ভোট শেষে আউন নির্বাচিত হন। ১২৭ জন সংসদ সদস্যের মধ্যে ৮৩ জনের ভোট পেয়ে তিনি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য ৬৫টি ভোটের প্রয়োজন ছিল।
৮১ বছর বয়সী খ্রিস্টান নেতা তার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী খ্রিস্টান লেবানিজ বাহিনীর নেতা সামির জাজা ও সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরির সমর্থন পেয়েছেন। বিজয়ের পর তিনি সংসদে দেয়া ভাষণে বলেছেন, দেশের স্থিতিশীলতা রক্ষা করাই হবে তার প্রথম কাজ। এছাড়া, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার সরকার কঠোর মনোভাব নিয়ে কাজ করবে।
২০ অক্টোবর সকালে সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র ও লেবানন মার্চ-১৪ জোটের নেতা সাদ হারিরি আউনকে মৌখিক সমর্থন দেন। সে সময় তিনি লেবাননের রাজনৈতিক মঞ্চে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছিলেন। তবে মিশেল আউনের ক্ষমতায় আসাকে হিজবুল্লাহর রাজনৈতিক বিজয় হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা। আউনের বিজয়ের ফলে লেবাননের রাজনীতিতে সৌদি আরবের প্রভাব নস্যাৎ হবে বলে ধারণা করছেন তারা।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১