আরব মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখবেন ব্রিটিশ এমপি'রা
-
স্কটিশ ন্যাশনাল পার্টির এমপি মার্গারেট ফেরিয়ার
পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর গণতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখার লক্ষ্যে ব্রিটিশ পার্লামেন্টের একদল সদস্য একটি কমিটি গঠন করেছেন বলে একজন স্কটিশ এমপি জানিয়েছেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি সেমিনারের পর গতকাল (সোমবার) স্কটিশ ন্যাশনাল পার্টির এমপি মার্গারেট ফেরিয়ার এ ঘোষণা দেন। পারস্য উপসাগরীয় কিছু আরব দেশ তাদের স্বদেশি রাজনৈতিক কর্মীদের ওপর শাস্তির ধরণ সম্পর্কে আলোচনা করতেই ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
'ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর ফ্রিডম ইন দি ইউনাইটেড আরব এ্যামিরেটস' বা আইসিএফইউএই এবং মার্গারেট ফেরিয়ারের নেতৃত্বে 'দি অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ' এক বিবৃতিতে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য পারস্য উপসাগরীয় দেশে ক্রমবর্ধমান মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তারা নজরদারি করবেন।
কিছু আরব দেশ মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে কালো তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও ওইসব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় বিবৃতিতে ব্রিটেনের নিন্দা জানানো হয়েছে। মানবাধিকার বিষয়ে খারাপ দৃষ্টান্ত স্থাপন করা সত্ত্বেও পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে ব্রিটিশ সরকারের শক্তিশালী সম্পর্ক নৈতিক প্রশ্নের জন্ম দিচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বাহরাইনের আলে খলিফা সরকার বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর কঠোর দমন পীড়ন চালানো সত্ত্বেও মানামার প্রতি নিঃশর্ত সমর্থন দিয়ে যাচ্ছে লন্ডন। এছাড়া, আলে খলিফা এবং তার নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ এবং মারণাস্ত্র সরবরাহ করছে দেশটি।#
পার্সটুডে/বাবুল আখতার/১