নাজরানের কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেনের সেনাবাহিনী
ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান প্রদেশে দু'টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একটি সৌদি সামরিক কমান্ড সেন্টারসহ দু’টি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে।
নাজরান অঞ্চলে অবস্থিত কমান্ড সেন্টারে ইয়েমেনি বাহিনী আজ (মঙ্গলবার) তোচকা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে। সেখানে সাধারণত বিপুল সংখ্যক সেনার উপস্থিতি থাকে বলে জানায় সংবাদ মাধ্যমটি। এছাড়া, ইয়েমেনি বাহিনী রাজলা সামরিক ঘাঁটিতে যালযাল-৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে, ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানার আগে সেগুলোকে আকাশেই ধ্বংস করা হয়েছে বলে সৌদি সামরিক বাহিনী দাবি করেছে।
গত ২০ মাসেরও বেশি সময় ধরে নিজের মুসলিম প্রতিবেশী দেশে আগ্রাসন চালিয়ে যাচ্ছে হারামাইন শরীফের খাদেম সৌদি সরকার। ইয়েমেনি সামরিক বাহিনী এবং আনসারুল্লাহ যোদ্ধারা বর্বরোচিত সৌদি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। পদত্যাগকারী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসানো এবং আনসারুল্লাহ আন্দোলনকে দমনের উদ্দেশ্যে এ হামলা চালাচ্ছে রিয়াদ। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১০,০০০ মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজের নীরবতা ইয়েমেনের নিরীহ জনগণকে হত্যা করতে সৌদি সরকারকে বেপরোয়া করে তুলেছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১৫