সিরিয়ার সন্ত্রাসীরা পতনের দ্বারপ্রান্তে: বাঁচানোর উপায় খুঁজছে আমেরিকা ও ব্রিটেন
https://parstoday.ir/bn/news/west_asia-i27526-সিরিয়ার_সন্ত্রাসীরা_পতনের_দ্বারপ্রান্তে_বাঁচানোর_উপায়_খুঁজছে_আমেরিকা_ও_ব্রিটেন
আমেরিকা ও ব্রিটেন সিরিয়ার আলেপ্পো শহরে সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত এলাকায় বিমান থেকে সাহায্যের চালান পাঠানোর বিষয়টি খতিয়ে দেখছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ডিসেম্বর ০৫, ২০১৬ ১২:৩৭ Asia/Dhaka
  • সিরিয়ার সন্ত্রাসীরা পতনের দ্বারপ্রান্তে: বাঁচানোর উপায় খুঁজছে আমেরিকা ও ব্রিটেন

আমেরিকা ও ব্রিটেন সিরিয়ার আলেপ্পো শহরে সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত এলাকায় বিমান থেকে সাহায্যের চালান পাঠানোর বিষয়টি খতিয়ে দেখছে।

 

ব্রিটেনের দৈনিক গার্ডিয়ান এ সংক্রান্ত প্রতিবেদনে লিখেছে, সিরিয়ায় সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত এলাকায় প্যারাসুট দিয়ে বিভিন্ন সাহায্য পাঠানোসহ অন্যান্য দিক খতিয়ে দেখতে আমেরিকা ও ব্রিটেনের কর্মকর্তারা টেলিফোনে কথা বলেছেন। ওয়াশিংটন ও লন্ডন এ জন্য চিন্তিত যে, সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত এলাকায় সাহায্যের চালান পাঠানো হলে সিরিয়া সরকারের পক্ষ থেকে প্রচণ্ড বিরোধিতার সম্মুখীন হতে পারে। দৈনিক গার্ডিয়ান আরো লিখেছে, দায়েশ সন্ত্রাসীদের মোকাবেলার কথা বলে রাশিয়া সিরিয়ায় অত্যন্ত জটিল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যা কিনা আমেরিকা ও ব্রিটেনের জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সর্বোপরি এর প্রধান টার্গেট পাশ্চাত্য।

আমেরিকার মতো ব্রিটেনও যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ আলেপ্পো শহরের অধিবাসীদের কাছে খাদ্য ও অন্যান্য ত্রাণ পাঠানোর ক্ষেত্রে বাধা সৃষ্টির জন্য রাশিয়াকে অভিযুক্ত করছে। এ অভিযোগের মাধ্যমে তারা আসলে সন্ত্রাসীদের প্রতি পাশ্চাত্যের সমর্থন ও সহযোগিতার বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তাদের মতে, সিরিয়ায় দায়েশ সন্ত্রাসীরা ব্যর্থ হওয়ায় তাদের সমর্থক পাশ্চাত্যের সরকারগুলো ও কয়েকটি আরব দেশ খুবই চিন্তিত হয়ে পড়েছে। তারা নিশ্চিত পরাজয়ের হাত থেকে সন্ত্রাসীদের রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্য সাধারণ মানুষকে সাহায্যের নামে পাশ্চাত্য সিরিয়ার দায়েশ সন্ত্রাসীদের কাছে অস্ত্রের চালান পাঠাচ্ছে। অবশ্য পাশ্চাত্য বহুদিন ধরে এভাবে সন্ত্রাসীদের সাহায্য করে যাচ্ছে। সৌদি আরবের আশ্‌ শারকুল আওসাতসহ সন্ত্রাসীদের আস্থাভাজন কয়েকটি গণমাধ্যম সন্ত্রাসীদের প্রতি পাশ্চাত্যের সমর্থনের কথা স্বীকার করেছে।

সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষজ্ঞ চার্লস লেস্টারের উদ্ধৃতি দিয়ে কিছুদিন আগে সৌদি দৈনিক আশ্‌ শারকুল আওসাত জানিয়েছে, গত কয়েক মাসে সিরিয়ায় সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে অস্ত্র ও অন্যান্য ত্রাণের চালান পাঠিয়েছে পাশ্চাত্য। এদিকে, রুশ টিভি চ্যানেলসহ অন্যান্য গণমাধ্যম জানিয়েছে, পাশ্চাত্য সাধারণ মানুষকে সাহায্যের নামে যেসব ত্রাণ পাঠাচ্ছে তা আসলে দায়েশসহ অন্যান্য সন্ত্রাসীদের কাছে পাঠাচ্ছে।  

সম্প্রতি সিরিয়ার আলেপ্পো শহরের কাছে আন্ নুসরা সন্ত্রাসীদের একটি অস্ত্রের গুদাম উদ্ধার করেছে সিরিয়ার সেনাবাহিনী। দেখা গেছে ওইসব অস্ত্র আমেরিকার তৈরি ও তাদেরই সরবরাহকৃত। আমেরিকার কার্টার গবেষণা কেন্দ্র থেকে বলা হয়েছে, আন্ নুসরা জাতিসংঘের ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী হলেও এ গোষ্ঠীসহ আরো ২৩টি সন্ত্রাসী গ্রুপ যারা সরকার বিরোধী ফ্রি সিরিয়ান আর্মির সদস্য তাদের কাছে আমেরিকা অস্ত্রের চালান পাঠিয়েছে। অবশ্য আন্ নুসরার নাম পরিবর্তন করে এখন জাবহাত ফাতেহ আশ্ শাম রাখা হয়েছে।

আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো দায়েশসহ অন্যান্য সন্ত্রাসী গ্রুপকে দীর্ঘদিন ধরে অর্থ ও অস্ত্র সহায়তা দিয়ে আসছে। জাতিসংঘের কর্মকর্তারা এসব সন্ত্রাসীদের সাহায্য দেয়া বন্ধ করার কথা বললেও মার্কিন নেতৃত্বে পাশ্চাত্য ত্রাণের নামে সন্ত্রাসীদের অস্ত্র সাহায্য করেই চলেছে।সিরিয়ার সরকার অবশ্য পাশ্চাত্যের এ কর্মকাণ্ডের বিরুদ্ধে হুঁশিয়ার করে দিয়েছে। #   

পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/৫