সিরিয়ায় যুদ্ধবিরতি পালনে চুক্তিতে পৌঁছেছে মস্কো এবং আঙ্কারা
সিরিয়ায় জাতীয়ভাবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়া এবং তুরস্ক একটি সমঝোতায় পৌঁছেছে। আলেপ্পোর উত্তর-পশ্চিম অংশে গত কয়েক বছরব্যাপী যুদ্ধ অবসানে মস্কো এবং আঙ্কারা সম্মত হওয়ার পর এ যুদ্ধবিরতি পালনের খবর এলো।
আজ (বুধবার) সিরিয়ার সরকার এবং সন্ত্রাসী পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে মস্কো এবং আঙ্কারা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে বলে তুরস্কের আনাদুলো সংবাদ মাধ্যম জানিয়েছে।
আজ (মধ্যরাত) থেকে বাস্তবায়ন হওয়া এ যুদ্ধবিরতির আওতায় উগ্র সন্ত্রাসীরা পড়বে না বলে সংবাদ মাধ্যমে বলা হয়েছে। তবে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। এদিকে, দায়েশ এবং জাবহাত ফাতেহ আশ-শামের মতো উগ্র গোষ্ঠীগুলো এর আওতায় পড়বে বলে বিশেষজ্ঞরা ইঙ্গিত দিয়েছেন। এ যুদ্ধবিরতি পরিপূর্ণভাবে কার্যকর হওয়ার ব্যাপারে রাশিয়া এবং তুরস্ক নিজেদেরকে জামিনদার হিসেবে ঘোষণা দিয়েছে।
এ যুদ্ধবিরতি পালনের সময় কোনো ধরণের নাশকতার ঘটনা না ঘটলে, এটি দামেস্ক সরকার এবং বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে আসন্ন আলোচনার মুল ভিত্তি রচনা করবে বলে সংবাদ মাধ্যমে বলা হয়েছে। সিরিয়ার সংকট নিরসনের লক্ষ্যে কাজাকাস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠেয় সম্ভাব্য আলোচনাও মস্কো এবং আঙ্কারার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২৮