আরব দেশগুলোর উচিত হবে মার্কিন দূতাবাস বন্ধ করে দেয়া: লেবানন
https://parstoday.ir/bn/news/west_asia-i33316-আরব_দেশগুলোর_উচিত_হবে_মার্কিন_দূতাবাস_বন্ধ_করে_দেয়া_লেবানন
লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবিহ বেরি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল নিকৃষ্টতম রকমের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালাচ্ছে। তেহরানে অনুষ্ঠিত ফিলিস্তিন বিষয়ক ৬ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনে আজ (মঙ্গলবার) তিনি এ মন্তব্য করেন। ফিলিস্তিনের ইন্তিফাদা বা গণজাগরণের প্রতি আন্তর্জাতিক সমর্থন জানাতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২১, ২০১৭ ১৫:৪৭ Asia/Dhaka
  • লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবিহ বেরি
    লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবিহ বেরি

লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবিহ বেরি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল নিকৃষ্টতম রকমের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালাচ্ছে। তেহরানে অনুষ্ঠিত ফিলিস্তিন বিষয়ক ৬ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনে আজ (মঙ্গলবার) তিনি এ মন্তব্য করেন। ফিলিস্তিনের ইন্তিফাদা বা গণজাগরণের প্রতি আন্তর্জাতিক সমর্থন জানাতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

নাবিহ বেরি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি নির্মাণের কর্মকাণ্ড অব্যাহত রেখে ইসরাইল নিকৃষ্টতম পর্যায়ের সন্ত্রাসবাদ চালাচ্ছে। এখন সময় এসেছে- বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার এবং সমাধানের পথ খুঁজে বের করার জন্য একমতে পৌঁছানোর।

অধিকৃত ভূখণ্ড থেকে ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর অব্যাহত ধরপাকড়ের কথা উল্লেখ করে তিনি জানান, এ মুহূর্তে ফিলিস্তিনের ৩৯ জন কর্মকর্তা ইসরাইলের কারাগারে আটক রয়েছেন। তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেম শহরে সরিয়ে নেয়ার পরিকল্পনা সম্পর্কে লেবাননের স্পিকার বলেন, এ পরিকল্পনা বাস্তবায়ন হলে ইসরাইলের দাবিই মেনে নেয়া হবে। কারণ ইসরাইল জেরুজালেম শহরকে ইসরাইলের নিজের অংশ বলে দাবি করে এবং সেখান রাজধানী প্রতিষ্ঠা করতে চায়।

নাবিহ বেরি বলেন, আমেরিকা যদি দূতাবাস সরিয়ে জেরুজালেম শহরে নেয় তাহলে আরব দেশগুলোর অবশ্যই উচিত হবে- প্রতিটি দেশে আমেরিকার দূতাবাস বন্ধ করে দেয়া। তিনি ফিলিস্তিনের বিভিন্ন দল ও সংগঠনের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান জানান।

নাবিহ বেরি আরো বলেন, “ফিলিস্তিনের জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান যা করছে তার জন্য তেহরানকে আমি প্রশংসা করছি। তবে ফিলিস্তিনিদের সমর্থন দেয়ার জন্য ইরানকে শত্রুর লক্ষ্যবস্তুতে পরিণত হতে হবে।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১