রাকায় সিরিয় বাহিনীর অগ্রাভিযান ঠেকাতে বিমান থেকে নামানো হলো সেনা
সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে তথাকথিত লড়াইয়ে জড়িত মার্কিন নেতৃত্বাধীন জোট রাকা নগরীর কাছে বিমান থেকে পদাতিক সেনা নামিয়েছে। মার্কিন বাহিনী দাবি করেছে, সিরিয়ায় দায়েশের প্রধান ঘাঁটি দখলের প্রস্তুতি হিসেবে সেনা নামানো হয়েছে। কিন্তু রাকায় সিরিয় সরকারি বাহিনীর অগ্রাভিযান ঠেকাতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, রাকা থেকে ৪০ কিলোমিটার দূরে তাবাকাতে বিমান থেকে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফের সদস্যদের নামানো হয়েছে। 'ফোরাত বাধ' নামে পরিচিত একটি গুরুত্বপূর্ণ এলাকা দখলের জন্য আকাশ পথে সমর্থন যোগানের কথা বলেছে পেন্টাগন।
প্রধানত সরকার বিরোধী কুর্দিদের নিয়ে গঠিত এসডিএফ বলেছে, তাদের সদস্যদের সঙ্গে মার্কিন সেনাদেরও বিমান থেকে নামানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, মঙ্গলবার নামানো হয় এসব সেনা।
রাকার পশ্চিমাঞ্চলে সিরিয় সরকারি বাহিনীর অগ্রাভিযান ঠেকানোকে এ অভিযানের অন্যতম লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে।
সিরিয়ায় বর্তমানে প্রায় ৫০০ মার্কিন কমান্ডো রয়েছে। পেন্টাগন দাবি করছে, কুর্দি বাহিনীকে দায়েশ বিরোধী লড়াইয়ের প্রশিক্ষণ দেয়ার কাজে এসব সেনা জড়িত রয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৩