সিরিয়ায় মার্কিন জোটের বিমান হামলায় নারী-শিশুসহ অন্তত ৩৫ নিহত
মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আজ-জোরে অন্তত ৩৫ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
বৃহস্পতিবার মায়েদিন শহরের কয়েকটি আবাসিক ভবনের ওপর এ হামলা চালানো হয়। এ নিয়ে শহরটিতে গত দু’বছরে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ৫০ নিরীহ ব্যক্তি নিহত হলো।
এদিকে, চলতি বছরের ২৩ এপ্রিল থেকে ২৩ মে’র মধ্যে মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় সিরিয়ায় অন্তত ২২৫ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে। এর আগে একমাসে এত বেশি সংখ্যক বেসামরিক মানুষ আর নিহত হয় নি। দামেস্ক সরকারের অনুমতি না নিয়েই ২০১৪ সালে থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ায় হামলা চালিয়ে আসছে। তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলার কথা বললেও উগ্র গোষ্ঠী দায়েশের কোনো ক্ষয়ক্ষতি হতে দেখা যায় না বরং বেসামরিক মানুষই মারা যাচ্ছে। মাঝেমধ্যে সিরিয়ার সেনাবাহিনীর ওপরও হামলা চালায় মার্কিন বাহিনী।#
পার্সটুডে/মূসা রেজা/২৬