খারাপ সময় পেছনে ফেলে এসেছি: বাশার আল-আসাদ
-
প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশ ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পেছনে ফেলে এসেছে এবং বর্তমানে সঠিক পথে এগিয়ে যাচ্ছে। তিনি উগ্র তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর সাহসী লড়াইয়ের প্রশংসা করেছেন।
ভারতের নিউজ চ্যানেল উইঅন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে সন্ত্রাসীদের কাছ থেকে একের পর এক এলাকা সেনাবাহিনীর দখলে চলে আসার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট আসাদ। তিনি বলেন, সবকিছু সঠিক পথে এগুচ্ছে কারণ, আমরা সন্ত্রাসীদের পরাজিত করছি।
গত কয়েক মাসে মিত্রদের সহযোগিতায় সিরিয়ার সেনাবাহিনী উগ্র জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এরমধ্যে সবচেয়ে বড় সাফল্য ছিল গত ডিসেম্বরে সন্ত্রাসীদর কাছ থেকে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো পুনরুদ্ধার করা।
সরকার-পন্থি বাহিনী বর্তমানে দেশের দক্ষিণ-পূর্ব ও পূর্বদিকে দায়েশ সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। একই সময়ে সিরিয়ার উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে অন্যান্য জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনী।
সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আরো বলেন, রাশিয়া, ইরান ও তুরস্কের উদ্যোগে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ায় সিরিয়ার বেশ কিছু এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, আস্তানা বৈঠকের আগে কোনো রাজনৈতিক উদ্যোগ থেকে আমরা সিরিয়ার জন্য কোনো সাফল্য আসতে দেখিনি।
গত মাসে কাজাখস্তানের রাজধানী আস্তানায় রাশিয়া, ইরান ও তুরস্কের উদ্যোগে সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের মধ্যে শান্তি বৈঠকে দেশটির চারটি এলাকায় যুদ্ধ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। তখন থেকে ওই চার এলাকায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে দায়েশ ও জাবহাত ফতেহ আশ-শামের মতো উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলোকে আস্তানা বৈঠকের বাইরে রাখা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে বর্তমানে সেনা অভিযান চলছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪