মসুলে দায়েশের পতন হয়েছে: ইরাকি টিভির ঘোষণা
-
মসুলের আন-নূরি মসজিদ (ফাইল ফটো)
ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন ঘোষণা করেছে যে, দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী মসুলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতন হয়েছে। ইরাকের সেনাবাহিনী পুরনো মুসলের ঐতিহাসিক আন-নূরি মসজিদ উদ্ধার করতে সক্ষম হয়েছে। মসজিদটি ২০১৪ সাল থেকে দায়েশের নিয়ন্ত্রণে ছিল এবং এ মসজিদ থেকেই দায়েশ তাদের কথিত খেলাফতের ঘোষণা দিয়েছিল।
ইরাকের সামরিক বাহিনী আজ (বৃহস্পতিবার) ঘোষণা করেছে, তারা পুরনো মসুলে সফল অগ্রাভিযান চালাচ্ছে। এ ঘোষণার পরপরই ইরাকি টেলিভিশন চ্যানেল দায়েশের কথিত খেলাফতের পতনের কথা জানায়।
টেলিভিশনের খবরে বলা হয়েছে, আন-নূরি মসজিদ মুক্ত হওয়ার অর্থ হচ্ছে- সন্ত্রাসী গোষ্ঠীর কমান্ড সেন্টার মুক্ত করা হয়েছে এবং ইরাকি সেনারা শহরে এখন বাকি দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান চালাচ্ছে। গত ২১ জুন দায়েশ সন্ত্রাসীরা আন-নূরি মসজিদ ও তার বিখ্যাত বাঁকানো মিনারটি উড়িয়ে দিয়েছিল। এ ঘটনার পর ইরাকি সরকার ও সামরিক বাহিনী বলেছিল- এ ঘটনার মাঝদিয়ে প্রকাশ হয়ে পড়েছে যে, দায়েশের পতন এখন সময়ের ব্যাপার।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯