লেবাননে হামলা চালালে ইসরাইলকে বিস্মিত হতে হবে: হিজবুল্লাহ
-
হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিন
ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, লেবাননের ওপর নতুন করে সামরিক আগ্রাসন চালালে হিজবুল্লাহ তার উন্নত সামরিক সক্ষমতার ওপর ভিত্তি করে ইহুদিবাদী ইসরাইলকে বিস্মিত করে দেবে।
২০০৬ সালের ৩৩ দিন যুদ্ধের ১১তম বার্ষিকী উপলক্ষে আল-মানার টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিন বলেন, তার সংগঠন সামরিক দিক দিয়ে বদলে গেছে এবং নতুন সামরিক সক্ষমতা অর্জন করছে। তিনি বলেন, হিজবুল্লাহর অস্ত্র সম্পর্কে ইসরাইলের রিপোর্ট সঠিক নয় কারণ, এ ধরনের প্রেক্ষাপটে শত্রু গোয়েন্দা সংস্থা কখনো সঠিক রিপোর্ট দেয় না।
গত মার্চ মাসে কুয়েতের আল-জারিদা পত্রিকা জানিয়েছিল, হিজবুল্লাহ মাটির নিচে অস্ত্র তৈরির কারখানা প্রতিষ্ঠা করেছে এবং সেখানে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ৫০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব। এছাড়া ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবাহী ড্রোনও তৈরি করছে হিজবুল্লাহ।
গত সপ্তাহে ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেছেন, হিজবুল্লাহর অত্যাধুনিক অস্ত্রের সক্ষমতা অর্জন ইসরাইলের জন্য রেডলাইন; তেল আবিব কোনোমতেই হিজবুল্লাহকে এ ধরনের অস্ত্রের সক্ষমতা অর্জনের সুযোগ দেবে না।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪