হামলার পর জর্দানে ইসরাইলি দূতাবাস বন্ধ: নিহত ২
https://parstoday.ir/bn/news/west_asia-i42724-হামলার_পর_জর্দানে_ইসরাইলি_দূতাবাস_বন্ধ_নিহত_২
জর্দানের রাজধানী আম্মানে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে গতকাল (রোববার) বিক্ষোভের সময় পুলিশের গুলিতে অন্তত দু জন নিহত হয়েছে। পবিত্র আল-আকসা মসজিদ এবং এর আশপাশে ফিলিস্তিনি মুসলমানদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা আম্মানের ইসরাইলি দূতাবাসে হামলা চালালে পুলিশ তাদের ওপর গুলি করে। জনতার হামলায় ইসরাইলি দূতাবাসের এক কর্মী মারাত্মক আহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৪, ২০১৭ ০৭:৫৯ Asia/Dhaka
  • আম্মানে ইসরাইলি দূতাবাসে নিরাপত্তা বাহিনীর টহল
    আম্মানে ইসরাইলি দূতাবাসে নিরাপত্তা বাহিনীর টহল

জর্দানের রাজধানী আম্মানে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে গতকাল (রোববার) বিক্ষোভের সময় পুলিশের গুলিতে অন্তত দু জন নিহত হয়েছে। পবিত্র আল-আকসা মসজিদ এবং এর আশপাশে ফিলিস্তিনি মুসলমানদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা আম্মানের ইসরাইলি দূতাবাসে হামলা চালালে পুলিশ তাদের ওপর গুলি করে। জনতার হামলায় ইসরাইলি দূতাবাসের এক কর্মী মারাত্মক আহত হয়েছে।

পরিস্থিতি বিবেচনা করে পুলিশ দূতাবাস ভবন সিল করে দেয় এবং সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। গণমাধ্যমের খবর অনুসারে- দূতাবাস ভবন খালি করা হয়েছে। এছাড়া, সংঘর্ষের ঘটনা নিয়ে এরইমধ্যে তদন্ত শুরু করেছে জর্দান সরকার।  

গত ১৪ জুলাই মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদ বন্ধ করে দেয় ইহুদিবাদী ইসরাইল। তারপর থেকে জর্দানেও প্রচণ্ড বিক্ষোভ হয়ে আসছে। গত শুক্রবার রাজধানী আম্মানে বিশাল বিক্ষোভ-মিছিল করে বিক্ষুব্ধ জনতা।

পূর্ব জেরুজালেম বা আল-কুদস শহরে অবস্থিত আল-আকসা মসজিদের আঙিনায় এক রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইহুদিবাদী ইসরাইল আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়। ফলে মুসল্লিরা সেখানে জুমার নামাজও আদায় করতে পারে না। অবশ্য এর দু'দিন পর আবার আল-আকসা মসজিদ খুলে দেয়া হয় তবে ইসরাইলি বাহিনী মসজিদে মেটাল ডিটেক্টর এবং ক্যামেরা ব্যবহারসহ নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। এর পরিপ্রেক্ষিতে মুসলমানরা সেখানে প্রবেশে অস্বীকৃতি জানান এবং প্রতিবাদে তারা মসজিদের বাইরের আঙিনায় নামাজ আদায় করে আসছেন। এরইমধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে ইসরাইলি নিরাপত্তা বাহিনী ও অবৈধ স্থাপনকারী ইহুদিদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪