৩ ঘণ্টার বেশি সময় ধরে এরদোগান-টিলারসনের রুদ্ধদ্বার বৈঠক
https://parstoday.ir/bn/news/west_asia-i53079-৩_ঘণ্টার_বেশি_সময়_ধরে_এরদোগান_টিলারসনের_রুদ্ধদ্বার_বৈঠক
সিরিয়ার আফরিন এলাকায় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি’র বিরুদ্ধে সামরিক অভিযানের মধ্যেই তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মধ্যে বৈঠক হয়েছে। আফরিনে চলমান অভিযান নিয়ে যখন দুই ন্যাটো সদস্যের মধ্যে উত্তেজনা বিরাজ করছে তখন এ বৈঠক হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০১৮ ০৯:৪৬ Asia/Dhaka
  • টিলারসনের সঙ্গে (বামে) এরদোগানের বৈঠক
    টিলারসনের সঙ্গে (বামে) এরদোগানের বৈঠক

সিরিয়ার আফরিন এলাকায় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি’র বিরুদ্ধে সামরিক অভিযানের মধ্যেই তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মধ্যে বৈঠক হয়েছে। আফরিনে চলমান অভিযান নিয়ে যখন দুই ন্যাটো সদস্যের মধ্যে উত্তেজনা বিরাজ করছে তখন এ বৈঠক হলো।

তুরস্কের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, তুর্কি প্রেসিডেন্ট ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দু দেশের মধ্যে সৃষ্ট অচলাবস্থা নিরসনের উপায় নিয়ে আলোচনা করেন। সূত্রটি জানায়, তিন ঘণ্টার বেশি সময় ধরে চলে রুদ্ধদ্বার এ বৈঠক।

সূত্র আরো জানিয়েছে, বৈঠকে টিলারসনকে এরদোগান সিরিয়ায় তার মূল উদ্দেশ্য ও অগ্রাধিকারের কথা তুলে ধরেছেন। পাশাপাশি ইরাক পরিস্থিতি ও আঞ্চলিক ঘটনাবলী এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই নিয়ে আলোচনা করেন তারা।বৈঠক সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, এরদোগান ও টিলারসনের বৈঠক ছিল ‘ফলপ্রসূ ও খোলামেলা’। এ মুখপাত্র টিলারসনের সঙ্গে তুরস্ক সফর করছেন।  

আফরিনে তুর্কি সেনাদের অভিযান

বৈঠকের আগে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী নূরুদ্দিন চানিক্লি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলেসে সাংবাদিকদের বলেছিলেন, “তুরস্ক চায় আফরিন এলাকা থেকে কুর্দি গেরিলাদেরকে বহিষ্কার করুক আমেরিকা।”

কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি-কে শত্রু মনে করে তুরস্ক। অন্যদিকে, আমেরিকা দাবি করে আসছে- উগ্র দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে কার্যকর শক্তি হচ্ছে ওয়াইপিজি।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬