‘সিরিয়ায় ইসরাইলি হামলা আটকে রাখতে পারবে না রাশিয়া’
-
ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেছেন, সিরিয়ার ভেতরে ইসরাইলি তৎপরতার বিষয়ে রাশিয়া কিংবা অন্য কোনো দেশের পক্ষ থেকে আরোপ করা কোনো সীমাবদ্ধতা মেনে নেবে না তেল আবিব।
লিবারম্যান বলেন, “সিরিয়ায় তৎপরতার ক্ষেত্রে আমরা পূর্ণ স্বাধীনতা নিয়ে থাকব। আমাদের স্বার্থ রক্ষার প্রশ্ন যখন আসবে তখন আমরা কোনো সীমাবদ্ধতা মেনে নেব না।” ইসরাইলের হিব্রু ভাষার নিউজ ওয়েবসাইট ওয়ালা-কে দেয়া সাক্ষাৎকারে লিবারম্যান এসব কথা বলেছেন।
ইসরাইলের যুদ্ধমন্ত্রী বলেন, “আমরা রাশিয়াকে ক্ষুব্ধ করতে চাই না। রাশিয়ার শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আমাদের সরাসরি যোগযোগ রয়েছে। দেশটির সঙ্গে আমাদের বোঝাপড়া রয়েছে এবং বাস্তবতা হচ্ছে কয়েক বছর ধরে সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে আমাদের কোনো সংঘাত হয় নি।”
সাক্ষাৎকারে লিবারম্যান দাবি করেন, “সিরিয়ার সামরিক অঙ্গনে ঢোকার চেষ্টা করছে ইরান এবং বিষয়টি ইহুদিবাদী ইসরাইলের জন্য হুমকি সৃষ্টি করেছে।” তিনি হুমকি দিয়ে বলেন, সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি ইসরাইল মেনে নেবে না। সিরিয়ায় যখন বার বার ইসরাইল হামলা চালাচ্ছে তখন লিবারম্যান এসব কথা বললেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭