সৌদি আরব নয় আমেরিকাই সালেহ সামাদকে হত্যা করেছে: ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i56442-সৌদি_আরব_নয়_আমেরিকাই_সালেহ_সামাদকে_হত্যা_করেছে_ইয়েমেন
ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান সালেহ আস-সামাদের সাম্প্রতিক হত্যাকাণ্ডের জন্য আমেরিকাকে দায়ী করেছে ইয়েমেনের সেনাবাহিনী। গত ১৯ এপ্রিল ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর হুদাইদা’য় এক বিমান হামলায় সালেহ আস-সামাদ শহীদ হন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ২৮, ২০১৮ ০২:৩৩ Asia/Dhaka
  • শহীদ সালেহ আস-সামাদ
    শহীদ সালেহ আস-সামাদ

ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান সালেহ আস-সামাদের সাম্প্রতিক হত্যাকাণ্ডের জন্য আমেরিকাকে দায়ী করেছে ইয়েমেনের সেনাবাহিনী। গত ১৯ এপ্রিল ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর হুদাইদা’য় এক বিমান হামলায় সালেহ আস-সামাদ শহীদ হন।

ইয়েমেন সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার মেজর জেনারেল ইব্রাহিম আশ-শামি বলেছেন, এ ধরনের জটিল অভিযান পরিচালনা করা সৌদি আরবের পক্ষে সম্ভব নয়। তিনি শুক্রবার আল-মাসিরা টিভিকে বলেছেন, “সৌদি আরবের সক্ষমতা সীমিত। মার্কিনিরাই এ হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং এ জটিল অভিযান পরিচালনা করেছে।”

জেনারেল শামি বলেন, হুদাইদা শহরে সামাদের বাসভবন লক্ষ্য করে মার্কিন এমকিউ-৯ ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়।

মার্কিন ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ (ফাইল ছবি)

এদিকে, ইয়েমেনের ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্টের মহাসচিব আলী ফয়সাল বলেছেন, সালেহ সামাদের হত্যাকাণ্ডের সঙ্গে ইহুদিবাদী ইসরাইল কর্তৃক গাজার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের নেতাদের হত্যাকাণ্ডের হুবহু মিল রয়েছে।

এর আগে গত সোমবার ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল-মালিক বদরুদ্দিন আল-হুথি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, সালেহ সামাদ হত্যাকাণ্ডের জন্য আমেরিকা ও সৌদি আরবসহ সব আগ্রাসী দেশ দায়ী এবং তাদেরকে এই বর্বরোচিত অপরাধযজ্ঞের মুল্য দিতে হবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭