‘ইরান ইসরাইলে হামলা করলে বাশার আসাদকে হত্যা করা হবে’
https://parstoday.ir/bn/news/west_asia-i56946-ইরান_ইসরাইলে_হামলা_করলে_বাশার_আসাদকে_হত্যা_করা_হবে’
ইহুদিবাদী ইসরাইলের একজন মন্ত্রী হুমকি দিয়ে বলেছেন, ইরান তেল আবিবে হামলা চালালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতন ঘটাবে ইসরাইল। তিনি আরো বলেছেন, সেক্ষেত্রে প্রেসিডেন্ট আসাদকে হত্যা করবে তেল আবিব।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৮, ২০১৮ ০১:২৫ Asia/Dhaka
  • ইসরাইলি মন্ত্রী ইউভাল স্টেইনিৎজ
    ইসরাইলি মন্ত্রী ইউভাল স্টেইনিৎজ

ইহুদিবাদী ইসরাইলের একজন মন্ত্রী হুমকি দিয়ে বলেছেন, ইরান তেল আবিবে হামলা চালালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতন ঘটাবে ইসরাইল। তিনি আরো বলেছেন, সেক্ষেত্রে প্রেসিডেন্ট আসাদকে হত্যা করবে তেল আবিব।

হিব্রু ভাষার নিউজ পোর্টাল- ওয়াইনেটকে (Ynet) দেয়া এক সাক্ষাৎকারে এ হুমকি দিয়েছেন ইসরাইলের জাতীয় অবকাঠামো, জ্বালানী ও পানি সম্পদমন্ত্রী ইউভাল স্টেইনিৎজ। তিনি বলেছেন, “আসাদ যদি সিরিয়ার ভূমি ব্যবহার করে আমাদের বিরুদ্ধে হামলা করার জন্য ইরানকে সুযোগ করে দেন তাহলে তার জানা উচিত সেটা হবে তার এবং তার সরকারের সমাপ্তি।”

ইসরাইল প্রেসিডেন্ট আসাদকে হত্যা করবে কিনা- সরাসরি এ প্রশ্ন করা হলে তিনি বলেন, “ক্ষতিপূরণ হিসেবে তার রক্ত ঝরানো হবে।” একইসঙ্গে তিনি বলেন, তার এ বক্তব্য তেল আবিব সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়। স্টেইনিৎজ বলেন, “আমি কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাচ্ছি না।”

ইসরাইল ও সিরিয়ার সীমান্তবর্তী গোলান মালভূমি; এই মালভূমির একাংশ দখল করে রেখেছে তেল আবিব

ওয়াইনেটে ওই সাক্ষাৎকারের যে লিখিত বিবরণ প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায়, ইহুদিবাদী মন্ত্রী সুস্পষ্টভাবে বলছেন যে, ইসরাইল প্রেসিডেন্ট আসাদকে ‘হত্যা’ করবে। কিন্তু সাক্ষাৎকারের যে ভিডিও ক্লিপ সেখানে দেয়া আছে তাতে সরাসরি এ ধরনের বক্তব্য নেই।

বিদেশি মদদে সিরিয়ায় অনুপ্রবেশকারী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দমনের কাজে দামেস্কের অনুরোধে দেশটিকে সামরিক সহযোগিতা করছে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রাশিয়া। কিন্তু সিরিয়ায় ইরানের উপস্থিতি যে দখলদার ইসরাইল সরকারকে ভাবিয়ে তুলেছে তা ইহুদিবাদী এই মন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হলো।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮