সিরিয়া ছাড়তে আমেরিকার প্রতি আসাদের হুঁশিয়ারির রহস্য
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, সিরিয় সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসীরা বেশিরভাগ ভূখণ্ড হারানোয় আমেরিকার হাতে আর তুরুপের তাস নেই। তাই এখন আমেরিকা অবশ্যই সিরিয়া থেকে যেতে বাধ্য।
এক সাক্ষাৎকারে আসাদ বলেন, " মার্কিন সরকার সিরিয়ার আন নুসরা সন্ত্রাসী গোষ্ঠীকে তাদের প্রথম কার্ড হিসেবে ব্যবহার করেছে। যখন এটা স্পষ্ট হল যে তারা আসলে সন্ত্রাসী আল কায়েদারই শাখা তখন আমেরিকা তুরস্কের সীমান্তে তৎপর কুর্দি এসডিএফ বা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে নতুন কার্ড হিসেবে ব্যবহার করছে।"
এসডিএফ আলোচনায় না আসলে বল প্রয়োগ করে সিরিয়ার ভূমি তাদের হাত থেকে দখল করা হবে বলে আসাদ হুমকি দেন।
তিনি আরও বলেন, এটি আমাদের তথা সিরিয়ার ভূখণ্ড তাই সন্ত্রাসীদের কাছ থেকে আমরা তা মুক্ত করব। একই কারণে আমেরিকার উচিত সিরিয়া ত্যাগ করা এবং যেভাবেই হোক তাদেরকে যেতেই হবে।
মার্কিন সরকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মাধ্যমে ২০১১ সাল থেকে সিরিয়ায় নানা সংকট সৃষ্টি করে এসেছে। সিরিয়া ইসরাইলি দখলদারিত্ব ও মার্কিন আধিপত্য বিরোধী শক্তিগুলোকে সহায়তা দেয়ায় সেখানে নানা সন্ত্রাসী গোষ্ঠী লেলিয়ে দেয় মার্কিন সরকার। এর মাধ্যমে আসাদ সরকারকে উৎখাতের পাশাপাশি সেবাদাস আরব ও রাজতান্ত্রিক সরকারগুলোকে গণ-জাগরণের জোয়ারের মুখে রক্ষা করতে চেয়েছে ওয়াশিংটন।
কিন্তু এসব লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে মার্কিন সরকার সিরিয়ায় দীর্ঘকাল ধরে সংকট জিইয়ে রেখে দেশটির সরকার ও সশস্ত্র বাহিনীকে দুর্বল করতে চেয়েছে। কিন্তু মার্কিন এ অপকৌশলও বুমেরাং হওয়ায় মাঝে মধ্যে সরাসরি আসাদ সরকারের বাহিনীর ওপর হামলার নীতি গ্রহণ করে এবং এ লক্ষ্যে আসাদ সরকার ও তার মিত্রদের বিরুদ্ধেও নানা ধরনের অপবাদ প্রচার করতে থাকে।
যেমন, মার্কিন সরকার ও তার মিত্ররা কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছে যে আসাদ সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। আর এ অজুহাতে সম্প্রতি সিরিয়ায় ক্রুজ ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ওয়াশিংটন এবং ফ্রান্স ও ব্রিটেনও বিমান হামলা চালায় সিরিয়ার ওপর।
কিন্তু এতসব ষড়যন্ত্রের পরও আসাদ সরকার টিকে থাকায় এবং দিনকে দিন আরও বেশি ভূখণ্ড সন্ত্রাসী-মুক্ত করতে থাকায় মার্কিন সরকার এখন কুর্দি এসডিএফ-এর কাঁধে সওয়ার হয়ে দামেস্ককে দুর্বল করতে চাইছে।
একইসঙ্গে মার্কিন সরকার এ অপপ্রচার চালাচ্ছে যে সিরিয়ায় ইরানের সেনা মোতায়েন রয়েছে। কিন্তু বাশার আসাদ বলেছেন, সিরিয়ার অনুরোধেই এই দেশে একদল ইরানি সামরিক উপদেষ্টা রয়েছেন এবং তারা সন্ত্রাস দমনে সহায়তা দিচ্ছেন। অথচ মার্কিন সরকার জাতিসংঘের বিনা অনুমতিতে সিরিয়ায় সেনা হস্তক্ষেপ করছে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকেই সহায়তা দিয়ে আসছে।
তাই সিরিয়া থেকে মার্কিন সেনা ফিরিয়ে নেয়ার যে দাবি বাশার আসাদ করছেন তা সব দিক থেকেই বাস্তব ও যৌক্তিক দাবি। তার এ কথাও দিবালোকের মতই স্পষ্ট যে সিরিয়ায় মার্কিন সরকারের হাতে এখন আর কোনো তুরুপের তাস বা ট্রাম্প কার্ড নেই, তাই ট্রাম্পকে আজ হোক কাল হোক সিরিয়া থেকে হাত গুটাইতেই হবে। #
পার্সটুডে/এমএএইচ/১