নয়া ইসরাইলি বিমানবন্দর আমাদের আকাশসীমা ও অখণ্ডতা লঙ্ঘন করছে: জর্দান
-
‘র্যামোন’ বিমানবন্দর (গতকাল সোমবারের ছবি)
জর্দান সীমান্তের কাছে ইহুদিবাদী ইসরাইল যে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু করেছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে আম্মান। জর্দান ইসরাইলি এ পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক বিমান চলাচল বিষয়ক সংস্থা ‘আইসিএও’র কাছে অভিযোগ জানিয়েছে।
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল (সোমবার) লোহিত সাগর উপকূলবর্তী শহর ‘এইলাত’র কাছে ‘র্যামোন’ বিমানবন্দর উদ্বোধন করেন। নয়া এই বিমানবন্দরটি লোহিত সাগর তীরবর্তী জর্দানের আকাবা বন্দরনগরীর কিং হুসেইন আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক বিপরীত দিকে অবস্থিত।
এ সম্পর্কে জর্দানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান হাইসাম মিস্তো বলেছেন, তার দেশ ইসরাইলের এই বিমানবন্দরটি চালু করার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।অন্য দেশের আকাশসীমার সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষা করে বিমানবন্দর নির্মাণের যে আন্তর্জাতিক মাণদণ্ড রয়েছে তা ইসরাইল লঙ্ঘন করেছে।
তেল আবিবের এই পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইসিএও’র প্রতি আহ্বান জানিয়ে মিস্তো বলেছেন, বিমান চলাচল বিষয়ক আন্তর্জাতিক মাণদণ্ড মেনে চলতে তেল আবিবকে বাধ্য করতে হবে।২০১৩ সালে এই বিমানবন্দর নির্মাণের কাজ শুরু হলে তখনও জর্দান সরকার এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু দখলদারিত্বের মাধ্যমে জন্ম নেয়া ইসরাইল সরকার সে প্রতিবাদে কান দেয়নি।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২