এস-৪০০ নিয়ে মার্কিন-তুর্কি টানাপোড়েন; ভিন্ন কারণ জানালেন এরদোগান
-
রজব তাইয়্যেব এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সঙ্গে মার্কিন নিরাপত্তার কোনো সম্পর্ক নেই। তিনি গণমাধ্যমকে আরও বলেছেন, তুরস্কের এই সিদ্ধান্তের সঙ্গে ন্যাটো, এফ-৩৫ ও মার্কিন নিরাপত্তার বিন্দু পরিমাণ সম্পর্ক নেই।
সিরিয়া ইস্যুতে তুরস্কের অবস্থানের কারণেই আমেরিকা এস-৪০০ কেনার বিরোধিতা করছে বলে তিনি জানান।
এস-৪০০ কেনার বিরুদ্ধে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন হুমকির পর তিনি এসব কথা বললেন।শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র চার্লি সামার্স বলেছেন, তুরস্ক এস-৪০০ কিনলে আমেরিকার সঙ্গে সামরিক সম্পর্কের ক্ষেত্রে দেশটিকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে।
এরদোগান এই হুমকি প্রসঙ্গে বলেছেন, রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে মার্কিন হুমকি কোনো কাজে আসবে না। কারণ দেশের জাতীয় স্বার্থে ওই চুক্তি করা হয়েছে।
২০১৭ সালে তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার চুক্তি করেছে। আগামী অক্টোবর থেকে এই ব্যবস্থা তুরস্কে মোতায়েন শুরু হবে বলে জানানো হয়েছে।
ওই চুক্তি সইয়ের পর থেকেই আমেরিকা নানাভাবে হুমকি দিয়ে আসছে। এর আগে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দিয়েছে ওয়াশিংটন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন