আদনাস কায়েস আটক
বায়তুল মুকাদ্দাসের গভর্নরকে আবার ধরে নিয়ে গেল ইহুদিবাদী সেনারা
-
বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম আল-কুদস শহরের ফিলিস্তিনি গভর্নর আদনান কায়েস
ইহুদিবাদী ইসরাইলি সেনারা বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম আল-কুদস শহরের ফিলিস্তিনি গভর্নর আদনান কায়েসকে আবারো ধরে নিয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বায়তুল মুকাদ্দাসের ওল্ড সিটির সিলওয়ান এলাকায় কায়েসের বাসভবনে হানা দিয়ে তাকে আটক করে ইহুদিবাদী সেনারা।
ইসরাইলি পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বায়তুল মুকাদ্দাস শহরে ‘ফিলিস্তিনিদের তৎপরতা’র দায়ে তাকে আটক করা হয়েছে। তবে কি তৎপরতা এবং তার সঙ্গে গভর্নরের কি সম্পর্ক সে সম্পর্কে কোনো ব্যাখ্যা ওই মুখপাত্র দেননি। বায়তুল মুকাদ্দাস শহরের ফিলিস্তিনি মুসলমান অধ্যুষিত অংশের জন্য ২০১৮ সালের জুন মাসে আদনান কায়েসকে গভর্নর হিসেব নিয়োগ দেয় স্বশাসন কর্তৃপক্ষ। তখন থেকে এ পর্যন্ত কায়েসকে কয়েক দফা আটক করা হয়েছে।
এর আগে বুধবার এই ঐতিহাসিক নগরীতে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট দু’টি সংস্থার দপ্তর বন্ধ করে দেয় ইহুদিবাদী ইসরাইল।
গত ১৪ অক্টোবর ইসরাইলি সেনারা আদনান কায়েসকে তার বাসভবন থেকে আটক করেছিল। একইদিন বায়তুল মুকাদ্দাস শহরে ফাতাহ আন্দোলনের মহাসচিব শাদি মুতুরকেও আটক করে দখলদার সেনারা।
১৯৪৮ সালে ফিলিস্তিনি ভূমি জবরদখল করে অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠার পর থেকেই বায়তুল মুকাদ্দাস শহরটি ফিলিস্তিন-ইসরাইল সংঘাতের মূল কেন্দ্র হয়ে রয়েছে। ফিলিস্তিনিরা এই নগরীকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন। অন্যদিকে ইহুদিবাদী ইসরাইল এরইমধ্যে জেরুজালেম খ্যাত এই নগরীকে বলপূর্বক নিজের রাজধানী হিসেবে ঘোষণা করেছে।#
পার্সটুডে/এমএমআই/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।