ইরানের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে আগ্রহী হামাস
-
হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে তারা সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া তুরস্কের রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
একইসঙ্গে তিনি বলেছেন, আমেরিকার অনুরোধ সত্ত্বেও তারা মার্কিন সরকারের সঙ্গে আলোচনায় কোনো আগ্রহ অনুভব করছেন না। লন্ডন থেকে প্রকাশিত আরবি ভাষাযর সংবাদপত্র আল-কুদস আল-আরাবি গতকাল (শুক্রবার) এ খবর দিয়েছে।
২০১৭ সালে হামাসের রাজনৈতিক শাখার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম ইসমাইল হানিয়া অবরুদ্ধ গাজা উপত্যকায় বাইরে সফরে গেলেন। গাজার রাফা সীমান্ত মিশর নিয়ন্ত্রণ করে থাকে এবং এতদিন পর্যন্ত মিশরীয় কর্তৃপক্ষ ইসমাইল হানিয়াকে গাজার বাইরে যাওয়ার অনুমতি দেয় নি।
সংবাদ সম্মেলনে ইসমাইল হানিয়া জানান, মার্কিন প্রশাসন কয়েকবার চেষ্টা করা সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং হামাসের মধ্যে যোগাযোগের কোনো মাধ্যম নেই। হামাস নেতা আরো বলেন, কথিত শতাব্দীর সেরা চুক্তি এবং চলমান বাস্তবতায় ওয়াশিংটনের সঙ্গে হামাসের আলোচনা অসম্ভব।
আঙ্কারায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে ইসমাইল হানিয়া তার সংগঠনের প্রতি সমর্থন দেয়ার জন্য তুরস্ক, কাতার এবং ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, ইরান এবং হিজবুল্লার সঙ্গে হামাসের সম্পর্ক খুব ভাল অবস্থায় রয়েছে এবং এই সম্পর্ক গভীর করার ইচ্ছা আছে তাদের।#
পার্সটুডে/এসআইবি/১৪