মিশরে ধরপাকড় অভিযান অব্যাহত রয়েছে; একদিনে আটক ২৩৩
মিশরে ধরপাকড় অভিযান অব্যাহত রয়েছে। সৌদি আরবের কাছে মিশরের দু'টি দ্বীপ হস্তান্তরের বিরুদ্ধে জনমত গড়ে ওঠায় নিরাপত্তা বাহিনী উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং বড় ধরনের সরকারবিরোধী আন্দোলন শুরুর আশঙ্কা করছে।
এ কারণেই এ ধরপাকড় অভিযান চলছে। গতকালও (সোমবার) দ্বীপ হস্তান্তরের বিরুদ্ধে সারা দেশে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ চলাকালে ২৩৩ জন গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৯ জন সাংবাদিক ও ৪০ জন নারী রয়েছে। সম্প্রতি বিক্ষুব্ধ জনগণকে হুঁশিয়ার করে স্বৈরশাসক জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেন, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব আমাদের কাঁধে এবং বিষয়টি আমরা দেখব। আমি প্রতিশ্রুতি ব্যক্ত করছি- কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না।”
গতকাল দুই শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তাদের পর পুলিশ দাবি করেছে, আটক ব্যক্তিরা সরকার উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।
দ্বীপ হস্তান্তরের প্রতিবাদে গত ১৫ এপ্রিল প্রথম বিক্ষোভ হয়। ওই দিন জুমা নামাজের পর কায়রোর ৩০টি মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ-মিছিল বের করে। এ নিয়ে এরইমধ্যে মিশরের প্রশাসনিক আদালতে একটি মামলাও দায়ের করা হয়েছে।#
সোহেল আহম্মেদ/২৬